শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভোটের ফলাফল জানতে কেন্দ্রে কেন্দ্রে উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

ভোটের ফলাফল জানতে কেন্দ্রে কেন্দ্রে উৎসুক জনতার ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে রাজধানীর ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে ভোট গণনা ঘিরে কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত। ফল জানার আগ্রহে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভিড়, তৈরি হয় টানটান উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর থাকলেও মাঝেমধ্যে ভিড় সরিয়ে দিতে হয়েছে সেনাবাহিনীকে।

ঢাকা-৪: অপেক্ষা, উৎকণ্ঠা আর হিসাব-নিকাশ


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কদমতলী ও শ্যামপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট গণনা চলাকালে কেন্দ্রের বাইরে জড়ো হয়েছেন প্রার্থীদের কর্মী-সমর্থকরা। কেউ মোবাইলে ফলের আপডেট নিচ্ছেন, কেউবা বুথভিত্তিক কাস্টিং নিয়ে নিজেদের মধ্যে হিসাব মিলাচ্ছেন।

কিছু কেন্দ্রে ভিড় বেড়ে গেলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সবাইকে সরে যেতে বলেন। তবে কিছুক্ষণ পর আবারও লোকজন কেন্দ্রের সামনে জড়ো হন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফল নিয়ে সমর্থকদের মধ্যে জোর আলোচনা লক্ষ করা গেছে। যদিও ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া নিয়ে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

ঢাকা-৫: ফলের আগ্রহে কেন্দ্রের বাইরে উৎসুক জনতা


বিজ্ঞাপন


ডেমরা, যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায়ও ছিল একই চিত্র। ভোট গণনা শুরুর পর থেকেই কেন্দ্রের বাইরে অবস্থান নেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা। কয়েকটি কেন্দ্রে গণনার অগ্রগতি নিয়ে গুঞ্জন ছড়ালে মুহূর্তেই বাড়ে ভিড়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রের আশপাশে টহল জোরদার রাখা হয়েছে।

স্থানীয় ভোটারদের কেউ কেউ বলেন, দিনভর ভোট দেওয়ার পর এখন শুধু ফলের অপেক্ষা। তাই দেখতে এসেছি। আবার অনেককেই প্রার্থীদের কর্মীদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য ফল নিয়ে মত বিনিময় করতে দেখা যায়।

রাজধানীর এ দুই আসনসহ দেশের বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ ও গণনা ঘিরে কিছু অভিযোগ ও বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংসতার খবর মেলেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গণনা শেষে ধাপে ধাপে ফল ঘোষণা করা হবে।


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর