ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬২টির প্রাথমিক ও বেসরকারি ফলাফলে বিএনপির মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩ ভোট।
বিজ্ঞাপন
বর্তমানে সদর আসনের বাকি ১২৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গণনা ও ফলাফল সংগ্রহের কাজ চলছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন, নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন এবং হিজড়া ভোটার ৭ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য জেলায় ১০ হাজার ২৯২ জন ভোটার নিবন্ধন করেছিলেন।







































































