২৯৯ আসনে গণভোটের ব্যালট পেপার বাতিল হয়েছে ৭৪ লাখ ২ হজার ২৮৫টি, যা প্রদত্ত ভোটের প্রায় ১০ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণভোটের আসনভিত্তিক ভোটের হারের প্রতিবেদন বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়; একই দিন গণভোটও হয়।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণভোটের আসনভিত্তিক ভোটের প্রতিবেদনের বরাত দিয়ে জানান, গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ৭ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩৮২ জন ভোট দিয়েছেন। এরমধ্যে বৈধ ভোট রয়েছে ৬ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২৯৬টি। আর অবৈধ বা গণনা বহির্ভূত বাতিলকৃত ব্যালট পেপারের সংখ্যা ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি। এরমধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জ-১ আসনে ৪৯ হাজার ৩৯৪টি।
প্রতিবেদন অনুযায়ী ২৯৯ আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে ৮২ দশমিক ৫৮ শতাংশ পাবনা-২ আসনে। সর্বনিম্ন ভোট পড়েছে ঢাকা-১২ আসনে ৩৭ দশমিক ৩৪ শতাংশ।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। আর সংসদ নির্বাচনের ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ (২৯৭ আসন, দুটির ফল স্থগিত)।
এমএইচএইচ/ক.ম




































































































































