মাদারীপুরে বিজয়ী প্রার্থীদের কর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শহর থেকে গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় রং খেলতেও দেখা গেছে। শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের মাঝে যেন ঈদের আমেজ দেখা গেছে। দীর্ঘদিন পর এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে খুশি তারা।
বিজ্ঞাপন
নেতাকর্মীরা বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় বিজয়ী হয়েছে পছন্দের প্রার্থী। আর যেন ফ্যাসিবাদী কোনো দল সরকার গঠন করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকবে তারা।

নির্বাচন সূত্রে জানা যায়, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি আসনে বিএনপির প্রার্থী ও একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।

মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া পেয়েছেন ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট। মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৯৬ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন।
প্রতিনিধি/এসএস




































































































































