রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

খুলনা জেলার ৬ আসনের ৪টিতে জিতেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

খুলনা জেলার ৬ আসনের ৪টিতে জিতেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করেছে বিএনপি। অন্যদিকে দুটি আসন জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জেলার কোনো কোনো আসনে অন্যান্য প্রার্থীদের বিপুল ভোটে হারিয়ে বিএনপির প্রার্থীরা চমক দেখিয়ে বিজয়ী হয়েছে।

‎‎খুলনা-১


বিজ্ঞাপন


‎খুলনা-১ আসন (বটিয়াঘাটা ও দাকোপ) এলাকা নিয়ে গঠিত। দেশের মধ্যে অন্যতম আলোচিত আসন ছিল। এ আসনে জামায়াতে ইসলাম হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছে। যা নিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল আলোচনা-সমালোচনা। শেষ পর্যন্ত এ আসনে জামায়াতের এ প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ৭০ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন। অন্যদিকে, বিএনপির প্রার্থী আমীর এজাজ খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আসনটির ১২০ কেন্দ্রে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে, এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আবু সাইদ ৫ হাজার ৬১৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

‎খুলনা-২

‎খুলনা-২ আসনে জামায়াতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। অন্যদিকে,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রার্থী আমানুল্লাহ ৭ হাজার ২৯৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এ আসনে ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ২৪৩ জন।

‎খুলনা-৩


বিজ্ঞাপন


‎খুলনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৭৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান ৬৬ হাজার ১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ আসনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আবদুল আউয়াল। তিনি ৫ হাজার ৭০৫ ভোট পেয়েছেন।

‎‎খুলনা-৪

‎খুলনা-৪ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে এ আসনে নির্বাচন করে ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সাখাওয়াত হোসেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকের কাছে পরাজিত হয়েছেন। পাশাপাশি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী ইউনুস আহম্মেদ শেখ ১৩ হাজার ৩৪৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

‎‎খুলনা-৫

‎খুলনা-৫ আসন (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) জামায়াতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ছিল। এ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরওয়ার ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট পেয়েছেন। অন্যদিকে,  বিএনপির প্রার্থী আলী আসগার লবি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনটিতে ২ হাজার ৬০৮ ভোট কম পেয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। এ আসনে লাঙ্গল প্রতীকে শামীম আরা পারভীন ১ হাজার ৩১৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

‎‎খুলনা-৬

‎খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন। তিনি এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী ধানের শীষে প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

‎‎একেএস/ এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর