শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ‘ঘি’ খাওয়ার সুযোগ নেই: ইনু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ‘ঘি’ খাওয়ার সুযোগ নেই: ইনু
ছবি: সংগৃহীত।

বাজেট নিয়ে বিএনপির মন্তব্যের সমালোচনা করে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোটাও ঘি খায়নি, বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর তৈরি করেছি। রেল ব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি। দারিদ্র কমিয়ে এনে বিনামূল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি। বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ঘি খাওয়ার কোনো সুযোগই নেই।

শুক্রবার (২ জুন) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়ীয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের উন্নয়নকাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় অন্যদের মধ্যে জাসদের মিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে পাতানো নির্বাচনের কিছু দেখছি না। ১৪ বছর ধরেই শুনছি ঈদের পরে আন্দোলন করবে বিএনপি। তাই বিএনপির মুখে আন্দোলন শব্দটা একটা হালকা শব্দে পরিণত হয়েছে। সব দফা বাদ দিয়ে বিএনপি এখন এক দফা দিয়েছে, সেই এক দফার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি মূলত যেকোনো পন্থায় অস্বাভাবিক ভুতের সরকার প্রতিষ্ঠা করতে চায়, যার ছায়ায় যুদ্ধাপরাধী ও দুর্নীতির বিচার বন্ধ করে দণ্ডিত নেতা-নেত্রীদের মুক্ত করতে চান তারা। তারা সংবিধানটাকে খেয়ে ফেলতে চাচ্ছে।

জাসদ সভাপতি বলেন, আমরা চাই না অনির্বাচিত একটি অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত-বিএনপির পার্টনারশিপের সরকার দেশে যে দুর্ভোগ সৃষ্টি করেছিল তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায় না।


বিজ্ঞাপন


মার্কিন ভিসানীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকা তাদের স্বার্থে ভিসানীতি করেছে। এর সঙ্গে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। বরং এর মাধ্যমে আমেরিকা বাংলাদেশে যথাসময়ে নির্বাচনের পক্ষেই মত দিল।

উল্লেখ্য, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ লাখ টাকা ব্যয়ে বহলবাড়ীয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদটি নির্মিত হচ্ছে।

প্রতিনিধি/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর