বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

osman hadi
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। ছবি: সংগৃহীত 

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তাকে নেওয়া হচ্ছে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাঈদ হাসান জানান, ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। শরীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য হাদিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। হাদির জন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। 


বিজ্ঞাপন


চিকিৎসকদের বরাত দিয়ে সাঈদ হাসান জানান, ওসমানের মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। গুলি এক পাশে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে গেছে। মস্তিষ্কে অনেক রক্তক্ষরণ হয়েছে এবং খুলির ছোট ছোট টুকরা মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে। চিকিৎসকরা খুলি সরিয়ে রক্ত বের করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাতটা মস্তিষ্কের স্পর্শকাতর জায়গায়, তাই চিকিৎসার যে কোনো প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ।   

osman_hadi
শরিফ ওসমান হাদি (ফাইল ছবি) 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুঁড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


হাদিকে গুলির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর