ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) বলেছে, ‘আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে ওসমান হাদি হবে আগামীর অনুপ্রেরণা।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন।
বিজ্ঞাপন
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, ভারতীয় আধিপত্যবাদ ও কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তির যে যাত্রা হাদি শুরু করেছিলেন, সেই সংগ্রামকে আমাদের অব্যাহত রাখতে হবে। বিগত দেড় বছর ধরে ফ্যাসিবাদকে প্রতিরোধে হাদির যে নির্ভীক ভূমিকা, তা জাতীয় ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রাখবে এবং আগামীর বাংলাদেশ নির্মাণে তিনি হবেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’
তারা আরও বলেন, ‘হাদির মৃত্যুজনিত শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার লড়াইকে আরও বেগবান করতে হবে। আমাদের সাংস্কৃতিক দখলদারিত্বের বিরুদ্ধে হাদি যে সংস্কৃতিচর্চা, সাংস্কৃতিক প্রতিরোধ ও জাতীয় আত্মমর্যাদার আন্দোলন শুরু করেছিলেন, তা সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এখন জাতির দায়।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, ‘শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জুলাইয়ের সকল বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
আরও বলেন, শরীফ ওসমান হাদির এ মৃত্যুতে আমরা ইউটিএল পরিবার গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা ওসমান হাদিকে শাহদাতের মর্যাদা দান করেন। ইউটিএলের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবার ও তার সংগ্রামী সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
বিজ্ঞাপন
এএইচ































































































































