আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। দুই বিভাগের মধ্যে সবচেয়ে বেশি কাটছাঁট করা হয়েছে বিদ্যুৎ বিভাগে। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় বিভাগটির বরাদ্দ কমছে ৫ হাজার ৩৪৬ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ২ হাজার ৩৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৯৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২ হাজার ২৫৪ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ২ হাজার ৯৭৮ কোটি টাকা। সে হিসাবে নতুন অর্থবছরে বরাদ্দ কমছে ৬২৯ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৩৬৬ কোটি টাকা।
বিজ্ঞাপন
অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ে ৫৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ে ১৪ হাজার ৯৩৯ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ২০ হাজার ৩৪২ কোটি টাকা। ফলে বরাদ্দ কমছে ৫ হাজার ৩৪৬ কোটি টাকা, যা জ্বালানি ও বিদ্যুৎ খাতের মধ্যে সর্বোচ্চ।
সংশোধিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ বিভাগের বরাদ্দ ছিল ১৫ হাজার ৫৮৫ কোটি টাকা। সে হিসাবে সংশোধিত বাজেটের তুলনায়ও নতুন অর্থবছরে বিভাগটির বরাদ্দ ৫৮৯ কোটি টাকা কমছে।
সব মিলিয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২০২৬-২৭ অর্থবছরে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২২ হাজার ৫২০ কোটি টাকা। ফলে সামগ্রিকভাবে খাতটির বরাদ্দ কমছে ৫ হাজার ১৭৫ কোটি টাকা।
তবে সংশোধিত বাজেটের ১৬ হাজার ৯৫১ কোটি টাকার তুলনায় নতুন অর্থবছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে মোট বরাদ্দ ৩৯৪ কোটি টাকা বেশি রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এমআর/জেবি











































