বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

৪ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

৪ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব
আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার।

ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে তাকে আবগারি শুল্ক দিতে হবে না।

বর্তমানে ব্যাংক হিসাবে ৩ লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে আবগারি শুল্ক দিতে হয় না। তবে ৩ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে ১৫০ টাকা আবগারি শুল্ক পরিশোধ করতে হয়। নতুন বাজেটে শুল্কমুক্ত সীমা এক লাখ টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ১৫ হাজার কোটি টাকা।

ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কমুক্ত সীমা বৃদ্ধির ফলে ক্ষুদ্র আমানতকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় সঞ্চয় ধরে রাখতেও এ পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


বিজ্ঞাপন


এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর