বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

ত্রাণ মন্ত্রণালয়ে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

ত্রাণ মন্ত্রণালয়ে ১০ হাজার ৩৫০ কোটি টাকার প্রস্তাব

টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রশমন কার্যক্রম জোরদারে সরকার নানা উদ্যোগ নিয়েছে। অতিদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী। পাশাপাশি কাবিটা ও টিআর খাতে হাজার কোটি টাকারও বেশি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় আধুনিক উদ্ধার সরঞ্জাম ক্রয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে পূর্ণাঙ্গ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমন প্রস্তাব করেন। তিনি বলেন, আমাদের সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, যেমন- অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী।
 
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে।ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য ১০০ ভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
 
মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৯ হাজার ৬৯ কোটি টাকা।
 
২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপি'র ১৩ দশমিক ৭ শতাংশ এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা এবং পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  

২০২৬-২৭ অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ (সংশোধিত) ২৭ দশমিক ২৭ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৭০ শতাংশে উন্নীত করা হয়েছ এবং পরিচালন ব্যয় চলতি অর্থবছরের ৭২ দশমিক ৭৩ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
 
এমএইচএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর