‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হতে যাচ্ছে।
বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম জাতীয় বাজেট। বাজেট উপস্থাপনের আগে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এছাড়া বিদেশি ঋণ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা এবং বিদেশি অনুদান পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ১৫০ কোটি টাকা।
ঘাটতি অর্থায়নের অংশ হিসেবে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সঞ্চয়পত্র থেকে সংগ্রহ করা হবে ১৫ হাজার কোটি টাকা।
কর ব্যবস্থায়ও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস রয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব থাকছে। পাশাপাশি ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে আবগারি শুল্ক দিতে হবে না।
বিজ্ঞাপন
সরকারের দাবি, নতুন অর্থবছরের বাজেটের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এমআর






























