বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

প্রতিবার বৃহস্পতিবার কেন বাজেট ঘোষণা করা হয়?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

প্রতিবার বৃহস্পতিবার কেন বাজেট ঘোষণা করা হয়?

দেশে প্রতি বছর বৃহস্পতিবার দিন জাতীয় প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছর থেকে দেশের প্রায় সব বাজেটই বৃহস্পতিবার উপস্থাপন করা হয়েছে। ফলে অনেকের মনেই প্রশ্ন ওঠে, বাজেট কেন সবসময় বৃহস্পতিবার পেশ করা হয়?

এ বিষয়ে গণমাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। তার মতে, বাজেট প্রণয়ন ও উপস্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক পরিশ্রম করতে হয়।
তাই বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করলে পরের দুই দিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার ছুটি পাওয়া যায়। একই সঙ্গে এই দুই দিনে বাজেট বিশ্লেষণ ও পর্যালোচনারও সুযোগ থাকে। এর পেছনে আরো কিছু কারণ থাকতে পারে বলে তিনি মনে করেন।  


বিজ্ঞাপন


এনবিআরের সাবেক এই চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর যেহেতু পরের দুই দিন সরকারি ছুটি থাকে, তাই এ সময় কেউ সহজে আইনি কোনো পদক্ষেপ নিতে পারে না। একই সঙ্গে কেউ চাইলে আগেভাগে পণ্য কিনে মজুত করা বা শুল্ক ফাঁকি দেওয়ার মতো কাজও করতে পারে না।  

আব্দুল মজিদ জানান, বাজেট উপস্থাপনের পরের সপ্তাহে সম্পূরক বাজেট পাস করতে হয়। সংসদ সদস্যরা যাতে বাজেটের বিভিন্ন বিষয় ভালোভাবে পড়াশোনা ও বুঝতে পারেন, সে জন্যও কিছুটা সময় প্রয়োজন হয়। বৃহস্পতিবার বাজেট ঘোষণা করলে তারা অতিরিক্ত দুই দিন সময় পান।

বরাবরের মতো এবারও বৃহস্পতিবারই বাজেট পেশ করা হচ্ছে। তবে প্রতি বছর বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হলেও মাত্র একবার সোমবার উত্থাপন করা হয়েছিল। সেই বছরটি ছিল ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট উত্থাপন হচ্ছে। এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


বিজ্ঞাপন


এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর