আজ ১০ আগস্ট প্রকাশ পেয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠে পাসের হার শতভাগ। সামাজিক মাধ্যমে এ তথ্য দিয়েছেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।
নিজের ফেসবুকে শাওন একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে উল্লেখ করা হয়েছে, ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৩৬ জন পরীক্ষার্থী সবাই পাস করেছেন।’ উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শাওন লেখেন, ‘‘২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের জন্য হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’এর শিক্ষার্থীদের অভিনন্দন। ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন।’’
হুমায়ূন আহমেদের নিজ গ্রাম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের প্রত্যন্ত পল্লী কুতুবপুরে স্কুলটি। ১৯৯৬ সালে লেখক এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণের পর ৪৮ জন শিক্ষার্থী নিয়ে ২০০৬ সালে পাঠদান কার্যক্রম শুরু হয়।
শুরু থেকে নিজস্ব অর্থায়নে স্কুলের কার্যক্রম চালাতেন হুমায়ূন আহমেদ। মাঝে মাঝেই লেখক ছুটে যেতেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে। তাদের সঙ্গে আড্ডা দিতেন, পড়াশোনার খোঁজ-খবর নিতেন।
আরআর
































































