সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

এবারও পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

এবারও পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে ছাত্রীরা
ফাইল ছবি।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন।

অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন।

অর্থাৎ, পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী এবার জিপিএ-৫ পেয়েছে।

৯ সাধারণ শিক্ষা বোর্ডেও এগিয়ে ছাত্রীরা

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। এসব বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

এই নয় বোর্ডে ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন। ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৩০৪ জন।

অন্যদিকে, ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ৭০৫ জন।

দাখিলেও মেয়েরা এগিয়ে

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এবার অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।

দাখিলে ১ লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৮১ হাজার ৭৬৫ জন। তাদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৭২ জন।

অন্যদিকে, ১ লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩২ জন। ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৪ জন।

ভোকেশনালেও এগিয়ে ছাত্রীরা

এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

এখানেও পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৪৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ২ হাজার ৪৭ জন।

ফলাফলের সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল এবং ভোকেশনাল—সব ক্ষেত্রেই পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর