চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৫৩ হাজার ৭৪ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এবার কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ৮৯০ জন। ফলে ফেল করেছেন ৪১ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
এদিন সকাল ১০টায় ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের ফল পাওয়া যাচ্ছে।
কারিগরি বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৫ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ২১৫ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৪ হাজার ৮৯০ জন উত্তীর্ণ হলেও ৫৩ হাজার ৭৪ জন শিক্ষার্থী ফেল করেছেন।
এবার ভোকেশনালে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ২০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৫ দশমিক ৪৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে অকৃতকার্য শিক্ষার্থীর হার।
চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছর এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
এমএইচ/এমআই


































