এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগে জেলাভিত্তিক পাসের দিক দিয়ে প্রথম হয়েছে নেত্রকোনা জেলা।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭.৮০, জামালপুর জেলায় পাসের হার ৫৫.৬০ এবং শেরপুর জেলায় পাসের হার ৫৫.৪১ ভাগ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৬০.৪৯ ভাগ।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, নেত্রকোনা জেলায় শতভাগ পাস করেছে কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বিদ্যালয়টি থেকে এবার ৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে।
এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ।
তাছাড়া উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নেত্রকোনা সদরে পাসের হার ৬৪.৩১, বারহাট্টায় পাসের হার ৪৯.৩১ ভাগ, মদন ৬০.৮২, মোহনগঞ্জ ৬৮.৩৬, খালিয়াজুরীতে ৪৯.৪১, আটপাড়ায় ৫০.৮২, কেন্দুয়ায় ৫৫.০৭, দুর্গাপুরে ৫৮.৩০, কলমাকান্দায় ৫৯.২৮ ও পূর্বধলায় ৬০.৪৯ ভাগ পাস করেছে। জেলার কোনো বিদ্যালয়ে শতভাগ ফেল নেই।
এছাড়া দাখিলে পাসের হার ৫৩.৬১ ভাগ এবং ভোকেশনালে পাসের হার ৪৬.৬০। জেলা শহরের 'মালনী কারিগরি স্কুলে' শতভাগ ফেল করেছে শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান থেকে ৩১ শিক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করেনি।
কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আশাদুজ্জামান বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পুরোপুরি পাঠদান করতে। সেই কারণেই আমরা ভালো করতে পেরেছি। আশা করছি, এই ধারা অব্যাহত থাকবে।
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, আমরা সকলে সমন্বিতভাবে চেষ্টা করছি শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরলেই ফলাফল আরও ভালো হবে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাব গঠন করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা পাঠ্যসূচি পড়ার পাশাপাশি নানান সৃষ্টিশীল কাজকর্মে মনোনিবেশ করবে। এতে করে আরও ফলাফল ভালো হবে।
প্রতিনিধি/এলএ



























































