২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান পাঁচটি থেকে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এমন ফল বিপর্যয়ের ঘটনায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় চারজন শিক্ষার্থী। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। একই উপজেলার অনভারডিঘি উচ্চবিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষায় অংশ নেয়। এই তিন বিদ্যালয়েরও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
অন্যদিকে, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

ফলে পাঁচটি বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এমন ফলাফলে বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদান ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, পাঁচটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়গুলোর ফল বিপর্যয়ের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের সামগ্রিক এসএসসি ফলাফলও এবার আশাব্যঞ্জক নয়। জেলায় মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন। জেলায় এবার পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ।
প্রতিনিধি/এসএস









































































