চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক ফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন হিসাববিজ্ঞান বিষয়ে। এ বিষয়ে পাসের হার মাত্র ২০ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ, পাসের হার অনুযায়ী হিসাব করলে অ্যাকাউন্টিংয়ে ফেল করেছেন ৭৯ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলের বিষয়ভিত্তিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, হিসাববিজ্ঞানের পর সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন গণিতে। এ বিষয়ে পাসের হার ৭০ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ, গণিতে ফেল করেছেন ২৯ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী।
আরও পড়ুন: ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস!
এ ছাড়া পদার্থবিজ্ঞানে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ, ফলে ফেল করেছেন ১৮ দশমিক ৬৭ শতাংশ। রসায়নে পাসের হার ৮২ দশমিক ০৭ শতাংশ, অর্থাৎ ফেল করেছেন ১৭ দশমিক ৯৩ শতাংশ। উচ্চতর গণিতে পাসের হার ৮৫ দশমিক ০৩ শতাংশ, ফলে ফেল করেছেন ১৪ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী।
অন্যদিকে বাংলা ও ইংরেজিতে তুলনামূলকভাবে পাসের হার বেশি। বাংলায় ৯৪ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, অর্থাৎ ফেল করেছেন ৫ দশমিক ১৯ শতাংশ। ইংরেজিতে পাসের হার ৯৪ দশমিক ৭০ শতাংশ এবং ফেল করেছেন ৫ দশমিক ৩০ শতাংশ।
কারিগরি বোর্ডে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে পাসের হার সবচেয়ে বেশি। এ বিষয়ে ৯৯ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সে হিসাবে ফেল করেছেন মাত্র ০ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী।
বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কারিগরি শিক্ষা বোর্ডে হিসাববিজ্ঞান ও গণিতে পাসের হার অন্য বিষয়গুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে হিসাববিজ্ঞানে পাসের হার ২০ শতাংশের কিছু বেশি হওয়ায় এ বিষয়েই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
এমএইচ/এমআই












































