এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। এবার ৬৩ দশমিক ৬৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। গতবছর এ বোর্ডে পাসের হার ছিলো ৭৭ দশমিক ৬৩ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। তবে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। এরমধ্যে পাস করেছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন। তবে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো। পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫, বিগত ২০২৫ খ্রিষ্টাব্দে ছিল ৬৮ দশমিক ০৪, পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
প্রতিনিধি/টিবি


































