ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার যমজ ভাই-বোন জিয়াদ নূর ও সামিহা বিনতে মাসুদ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। দুজনের একজন ভবিষ্যতে প্রকৌশলী এবং অন্যজন চিকিৎসক হতে চায়।
জিয়াদ নূর রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায়।
তার যমজ বোন সামিহা বিনতে মাসুদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে। তার স্বপ্ন চিকিৎসক হওয়া। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দুজনই সবার দোয়া চেয়েছে।
জিয়াদ ও সামিহার বাবা মো. মাসুদ উদ্দিন দেশের একটি স্বনামধন্য ওষুধ কোম্পানিতে কর্মরত। মা শাহানুরী পারভীন গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছে যমজ ভাই-বোনটি। প্রাথমিক পর্যায়ে উত্তরা লাইফ প্রিপারেটরি স্কুলে পড়ার সময় দুজনই প্রথম স্থান অর্জন করে।
তাদের বড় বোন সারা বিনতে মাসুদও শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি বোর্ডে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
জিয়াদ ও সামিহার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর গ্রামে।
শিক্ষার প্রসারে পরিবারটিরও দীর্ঘদিনের অবদান রয়েছে। তাদের দাদা গোলাম হোসেন ১৯৭০ সালে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চরজিথর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন।
পরবর্তীতে গোলাম হোসেনের ছেলে মিজবাহ উদ্দিন ২০১৫ সালে চরজিথর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালে প্রতিষ্ঠানটিকে কলেজে উন্নীত করেন। বর্তমানে চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজটি ঈশ্বরগঞ্জ উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিনিধি/এসএস










































































