খাগড়াছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
এ প্রতিষ্ঠান তিনটি হলো- খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া গার্লস হাই স্কুল, দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যান পাড়া হাই স্কুল ও তারাবানিয়া হাই স্কুল। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানান শিক্ষকরা।
তিনটি স্কুলের কোনো শিক্ষার্থীই পাস না করা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান, পাঠদান ও শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
জেলার নয়টি উপজেলায় ২৪টি কেন্দ্রে এ পরীক্ষা হয়েছে। সাধারণ শিক্ষা, ভোকেশনাল ও দাখিল মিলিয়ে খাগড়াছড়িতে মোট ৯ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার বলেন, এই পর্যন্ত আমরা খাগড়াছড়ির তিনটি প্রতিষ্ঠানের রেজাল্ট পেয়েছি। যেখানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিষয়টি অবশ্যই উদ্বেগজনক।
তিনি আরও বলেন, ফলাফল বিশ্লেষণ করে কোথায় সমস্যা হয়েছে তা চিহ্নিত করা হবে।
প্রতিনিধি/এলএ





































































