সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ের বোদায় দুই স্কুলে কেউ পাস করেনি, চার পরীক্ষার্থীই ফেল

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ের বোদায় দুই স্কুলে কেউ পাস করেনি, চার পরীক্ষার্থীই ফেল

পঞ্চগড়ের বোদা উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে একজন এবং অন্যটি থেকে তিনজন পরীক্ষায় অংশ নেয়। চার পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নেয়। সে অকৃতকার্য হয়েছে। অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ পাস করতে পারেনি।

145f3ef1-b3f1-43cc-9cf9-6b0874ac209e

সোমবার (১০ আগস্ট) বিদ্যালয় দুটি ঘুরে দেখা যায়, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০০ জন শিক্ষার্থী থাকার কথা। তবে দুপুরে বিদ্যালয়ে গিয়ে প্রায় ১০ জন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়। এ সময় তিনজন শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের পাওয়া যায়নি।

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ১০ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছেন বলে জানা গেছে। তবে বিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাইনবোর্ড দেখা যায়নি। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষকরা বিদ্যালয়ে এসে আবার চলে যান এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কম। তাদের দাবি, এমপিওভুক্তির আশায় কোনোভাবে প্রতিষ্ঠানটি চালু রাখা হয়েছে। আগের বছরগুলোতেও বিদ্যালয়টির ফলাফল ভালো ছিল না বলে তারা জানান।

তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ললিতা রাণী বলেন, ‘আমাদের স্কুল থেকে এবার একজন পরীক্ষা দিয়েছে। সে ফেল করেছে। সে পড়ালেখায় দুর্বল ছিল।’

7564c2e8-c01d-4e78-a736-35cd2fad1735

অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। বিদ্যালয়টিতে একটি কক্ষ রয়েছে, সেটি বন্ধ ছিল। পাশে টিনের ছাউনি দেওয়া একটি বড় ঘর থাকলেও সেটির দরজা-জানালা ও বেড়া নেই। বিদ্যালয়টির কার্যক্রম সম্পর্কে উপজেলা শিক্ষা কার্যালয়েও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, বোদা উপজেলায় দুটি নন-এমপিও প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী ছিল, সে ফেল করেছে। আর বোদা সর্দারপাড়া বালিকা বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী ছিল, তিনজনই ফেল করেছে।’

তিনি আরও বলেন, ‘এই দুটি প্রতিষ্ঠানই নন-এমপিও। এখানে পাঠদানের ধারাবাহিকতা কখনোই ছিল না। বিষয়টি আমরা খতিয়ে দেখব। প্রতিষ্ঠান দুটিকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ফিডব্যাক ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর