দীর্ঘ অপেক্ষার পর ফল হাতে পেয়েই উচ্ছ্বাসে মেতে ওঠে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। কেউ বন্ধুদের জড়িয়ে ধরে আনন্দ ভাগ করে নেয়, কেউ মুঠোফোনে পরিবারের সদস্যদের ফল জানায়। ভালো ফলের আনন্দে সোমবার (১০ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবের আবহ।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছিল, কেউ শিক্ষকদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করছিল। আবার কেউ পছন্দের কলেজ ও পরবর্তী শিক্ষাজীবন নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছিল।
রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ইমাম হুসাইন বলেন, ‘ফল প্রকাশের আগে একটু চিন্তায় ছিলাম। ফল হাতে পাওয়ার পর খুব ভালো লাগছে। এত দিনের পরিশ্রমের ফল পেয়েছি। এখন সামনে আরও ভালোভাবে পড়াশোনা করতে চাই।’
আরেক শিক্ষার্থী আরিয়ান খান বলেন, ‘ফল ভালো হয়েছে, তাই খুব আনন্দ লাগছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছি। এসএসসির পর এখন নতুনভাবে পড়াশোনা শুরু করতে চাই। ভবিষ্যতে নিজের পছন্দের বিষয়ে ভালো করতে চাই।’
শিক্ষার্থী নাগিব চৌধুরী বলেন, ‘ফল হাতে পাওয়ার মুহূর্তটা খুব আনন্দের ছিল। পরীক্ষার পর থেকে ফলের অপেক্ষায় ছিলাম। এখন মনে হচ্ছে একটা বড় চাপ শেষ হয়েছে। সামনে কলেজে ভর্তি হয়ে আরও ভালো করার চেষ্টা করব।’
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে পরবর্তী শিক্ষাজীবন নিয়েও আলোচনা শুরু হয়েছে। কেউ কোন কলেজে ভর্তি হবে, তা নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছে। আবার কেউ নিজের পছন্দের বিষয় নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করছে।
শিক্ষার্থী বেলাল বলেন, ‘এসএসসির ফল ভালো হয়েছে। এখন কলেজে উঠে আরও ভালোভাবে পড়াশোনা করতে চাই। ভবিষ্যতে নিজের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনা আছে।’
এএইচ/জেবি


































