এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সার্ভার জটিলতায় ফল দেখতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর অনলাইনে ফল দেখতে গিয়ে অনেক শিক্ষার্থী সার্ভারে ঢুকতে পারেনি। তবে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারছেন কেউ কেউ।
ফল প্রকাশের পর দুপুর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইনে ফল দেখার চেষ্টা করে। কিন্তু সার্ভার জটিলতার কারণে অনেকের ফল দেখা সম্ভব হয়নি। এতে ফল প্রকাশের আনন্দের বদলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও হতাশা।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী জানান, ফল প্রকাশের পর থেকেই কয়েকবার অনলাইনে ফল দেখার চেষ্টা করেছেন। কিন্তু বারবার সার্ভারে সমস্যা দেখাচ্ছে। পরে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল দেখার চেষ্টা করলে ফল পাওয়া গেছে।
আরেক শিক্ষার্থী জানান, ফল প্রকাশ হয়েছে শুনে দ্রুত রেজাল্ট দেখার চেষ্টা করেছি। কিন্তু ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছে না। বন্ধুরা কেউ কেউ খুদে বার্তার মাধ্যমে ফল পেয়েছে, কিন্তু অনলাইনে এখনো দেখতে পারিনি।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী একসঙ্গে ফল দেখতে চেষ্টা করায় সার্ভারে চাপ তৈরি হতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। শিক্ষার্থীরা যাতে দ্রুত ফল দেখতে পারে, সে বিষয়ে তারা প্রয়োজনীয়ভাবে যোগাযোগ রাখছে।
এএইচ/এমআই


































