সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

এসএসসিতে জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৫৬

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

এসএসসিতে জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৫৬
ফাইল ছবি।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে। গত বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র। ফলে ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

২০২৫ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র ছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ–৫ পাওয়া ছাত্রীর সংখ্যা কমেছে ৯ হাজার ৭২০ জন। আর ছাত্রের সংখ্যা কমেছে ১২ হাজার ৬৩৬ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হলো।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। তারা ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।

এবার ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএসসহ নির্ধারিত অনলাইন মাধ্যমে দেখা যাচ্ছে। এসএমএসে ফল জানতে ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও বার্তা পাঠানো যাবে।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হয়েছে।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর