মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেন্দুয়ায় ২ বাসে আগুন

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

কেন্দুয়ায় ২ বাসে আগুন

দেশব্যাপী বিএনপি-জামায়াতের তৃতীয় দিনের মতো চলা অবরোধের মধ্যে নেত্রকোনার কেন্দুয়ায় দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কেন্দুয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় থাকা বাসে আগুন দেওয়া হয়। এতে ‘হিরণ এন্টারপ্রাইজ’ নামের বাস পুড়ে ছাই হলেও ‘হিমাচল এন্টারপ্রাইজ’ নামের বাসের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় তা আংশিক পুড়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরন এন্টারপ্রাইজ বাসের মালিখ মো. হিরণ মিয়া বলেন, মদনের উচিৎপুর ঘাট স্ট্যান্ড থেকে চট্টগ্রামে চলাচল করে আসছিল বাসটি। অবরোধের মধ্যে কেন্দুয়া বাসস্ট্যান্ডে বাসটি পার্কিং অবস্থায় রাখা হয়েছিল। বাসের মধ্যে হেলপার থাকতো। গতরাত সোয়া ৩টার দিকে ফোনে জানতে পারি বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন দেখে হেলপার বাস থেকে বের হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

ওসি এনামুল হক বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে হিরণ এন্টারপ্রাইজ নামের বাসটি পুড়ে গেছে। আর হিমাচল এন্টারপ্রাইজ নামের বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান জানান, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় থাকা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পৌনে ৩টার দিকে টহল পুলিশ বাসস্ট্যান্ডে বাসে আগুন দেওয়ার বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ারসার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর