মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

চিকিৎসা সেবার আমূল পরিবর্তনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

চিকিৎসা সেবার আমূল পরিবর্তনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ

সদ্য প্রয়াত চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের চিকিৎসা সেবার আমূল পরিবর্তনের পথিকৃৎ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, বর্তমানে দেশে আমরা চিকিৎসা সেবার যে আমূল পরিবর্তন দেখছি তার পথিকৃৎ ডা. জাফরুল্লাহ। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তার পরিবার এবং ভাইবোনদের সঙ্গে আমার পরিচয় আছে। এই সুবাদে তিনি আমাকে স্নেহ করতেন। ছোট ভাইয়ের মতো ডাকতেন। তার প্রতি অসীম শ্রদ্ধা। জাতির এই বীর সন্তানকে নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে৷

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী৷

গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তার।

দুই দিন আগে প্রয়াত হওয়া এই বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল ১০টার পর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নানা শ্রেণিপেশার মানুষ ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন তাকে। শ্রদ্ধা জানাতে যান পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানও।

শ্রদ্ধা জানানোর পর পরিকল্পনামন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নয়; বরং একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের চিকিৎসক। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান গুরুত্বপূর্ণ৷ তিনি একজন সাহসী বীর যোদ্ধার পাশাপাশি একজন খাঁটি বাঙালিও ছিলেন।

মন্ত্রী বলেন, দেশকে প্রকৃত বাংলাদেশে রূপান্তর করা, আইনানুগ গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক দেশ সৃষ্টি করা, যেখানে সকল মানুষ সমান মর্যাদা পাবে এবং অধিকার ভোগ করবে। সেই যুদ্ধে ডা. জাফরুল্লাহ একজন সামনের সারির যোদ্ধা ছিলেন। তার প্রতি অসীম শ্রদ্ধা৷ 

এমআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর