রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে বেশিরভাগ বাসেরই গন্তব্য ময়মনসিংহ এবং আশপাশের এলাকা। ঢাকা থেকে এসব এলাকার দূরত্বও কম। ফলে অন্যবারের মতো এবারের ঈদেও বাসের আগাম টিকিট দেবে না পরিবহন কোম্পানিগুলো।
সংশ্লিষ্টরা বলছেন, তারা আগের মতোই যাত্রার সময় ঈদের টিকিট দেবেন। প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বাস চলাচল করবে। সে অনুযায়ী যাত্রীরা টিকিট পাবেন।
বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) দুপুরে সরেজমিনে মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন কোম্পানির কাউন্টার ঘুরে চলতি টিকিট বিক্রি হতে দেখা গেছে। ঈদের আগাম টিকিট যেমন বিক্রি হচ্ছে না, এ ব্যাপারে যাত্রীদের আগ্রহ এবং আনাগোনাও লক্ষ্য করা যায়নি।

টার্মিনালের মুখেই ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার। ঢাকা-ময়মনসিংহ রুটে কোম্পানিটির বাস চলাচল করে। এসি ও নন-এসি দুই ধরণের বাসই আছে তাদের।
জানতে চাইলে নন-এসি বাস কাউন্টার মাস্টার সোহাগ মিয়া বলেন, ‘আমাদের কোনো আগাম টিকিট নেই। যাত্রী থাকা সাপেক্ষে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর বাস ছেড়ে যায়। এটা আগেও ছিল। আগামীতেও তাই হবে।’
বিজ্ঞাপন
একই কথা বললেন ইউনাইটেডের এসি কাউন্টার মাস্টার সজিবও। তিনি বলেন, ‘যাত্রী থাকা সাপেক্ষে ঈদের সময় ভোর ৫টারও আগে বাস ছেড়ে যাবে। যেহেতু আমাদের ১৮টি এসি বাস আছে, দেখা যাবে হয়তো ১-২ ঘণ্টায় বাস শেষ হয়ে গেছে। তাই ঈদের সময় একটু আগেভাগে আসতে হবে যাত্রীদের।’
ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচল করে অনন্যা পরিবহন। প্রতিষ্ঠানটির অধীনে ৫০টির মতো নন-এসি বাস রয়েছে। এই বাসগুলোর টিকিটও যাত্রার সময় দেওয়া হবে।

অনন্যার কাউন্টার মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা কোনো সময়ই আগাম টিকিট দিই না। এখন ভোর ৫টা থেকে প্রথম বাস ছেড়ে যায়। ঈদের সময় ভোর ৩টা বা সাড়ে ৩টায় ছাড়া হবে, যদি যাত্রী আসেন। আমরা তখনই টিকিট দেব।’
‘অনন্যা ক্লাসিক’ নামের আরেকটি কোম্পানির বাসও কিশোরগঞ্জ রুটে চলাচল করে। তাদের ৪০টির মতো বাস রয়েছে বলে কোম্পানির সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারাও অগ্রিম টিকিট বিক্রি করছেন না বলে জানান কাউন্টার মাস্টার সবুজ।
কিশোরগঞ্জ রুটেই চলাচল করে উজান ভাটি নামের আরেকটি বাস। তাদের ৩০টির মতো নন- এসি বাস রয়েছে। এই বাস কিশোরগঞ্জের করীমগঞ্জ পর্যন্ত যাতায়াত করে।
জানতে চাইলে সহকারী কাউন্টার মাস্টার মোহাম্মদ লিটন বলেন, ‘ঈদের সময় গাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ টিকিট দেওয়া হবে। অগ্রিম কোনো টিকেট আমরা দিই না।’

এদিকে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের লাবিবা ক্লাসিক লিমিটেডের বাসও ভোর ৫টা থেকে যাত্রার সময় টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার মাস্টার গিয়াসউদ্দিন।
একই রুটের কাজী পরিবহনের বাসগুলো একইভাবে চলবে। কাজী পরিবহনের কাউন্টার ম্যানেজার দ্বীন ইসলাম বলেন, ‘আমাদের ২৫টির মধ্যে এসি বাস আছে। কুটিচৌমুহনী পর্যন্ত বাস চলাচল করে। যাত্রার দিন টিকিট দেওয়া হবে।’
ঢাকা-টাঙ্গাইল রুটে চলাচল করা ‘বিনিময়’ পরিবহনের কাউন্টার মাস্টার মিন্টু বলেন, ‘আমাদের ১০৭টা বাস আছে। ভোর থেকে যাত্রীরা যখন আসবে তখনই টিকিট কেটে যেতে পারবেন। আগাম টিকিট দরকার হবে না।’
এএম/এএইচ







