পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিটের জন্য আজ শনিবার সর্বাধিক মানুষ চেষ্টা চালিয়েছেন। আজ ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।
টিকিট বিক্রি শুরুর পরপরই রেলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট হয়।
বিজ্ঞাপন
রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৪ হাজার ৬৮৬টি আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।
শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন আর অবশিষ্ট নেই।
রেলওয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক দিনের তুলনায় আজ টিকিটের চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। ফলে সকালেই বিপুলসংখ্যক যাত্রী একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়। তাঁদের ধারণা, আজ এবং আগামীকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে।
এদিকে টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম নামে এক যাত্রী লিখেছেন, সকাল ৮টায় ওয়েবসাইটে প্রবেশ করেও তিনি টিকিট কাটতে পারেননি। টিকিট কাটার আগেই অন্য কেউ সেই আসন বুক করে ফেলেছে।
বিজ্ঞাপন
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। সেই হিসেবে আজ ৭ মার্চ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট, কাল ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।
এদিকে শনিবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
উল্লেখ্য, ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ মার্চ থেকে।
/এএস

