মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য হাহাকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ঈদযাত্রার টিকিট সংকট বাস কাউন্টারগুলোতে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে বাসে ঈদযাত্রার অগ্রিম টিকিট ছেড়েছে বাস কর্তৃপক্ষ। তবে অনলাইনে সব টিকিট দিয়ে দেওয়ার কারণে কাউন্টারগুলোতে টিকিটের জন্য হাহাকার চলছে। এদিকে ঈদের আগে বাস টিকিটের দাম বৃদ্ধির কোনো নির্দেশনাও পায়নি কাউন্টারগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা।

সোমবার (৯ মার্চ) সরেজমিনে কল্যাণপুর বাসস্ট্যান্ডের কয়েকটি বাস কাউন্টার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।


বিজ্ঞাপন


কয়েকটি কাউন্টার ঘুরে দেখা যায়, ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত এসি, নন-এসি বাসের কোনো টিকিট নাই। বাসস্ট্যান্ডেও সমাগম অনেক কম। কাউন্টারগুলোতে কর্মকর্তারা অলস সময় পার করছেন। হঠাৎ একজন দুজন যাত্রী আসছে টিকিটের খোঁজে।

কল্যাণপুরে অবস্থিত একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন মারুফ। ১৯ মার্চ রংপুর যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে এসেছেন টিকিটের খোঁজে। তবে অতিরিক্ত টাকা দিতে চেয়েও টিকিট না নিয়ে তাকে ফিরতে হচ্ছে। কথা হলে তিনি ঢাকা মেইলকে বলেন, আমার ছুটি হবে ১৮ মার্চ রাতে ওই দিনই চলে যেতে চেয়েছিলাম। কিন্তু কিছু কেনাকাটা করতে হবে পরিবারের জন্য। এ কারণে ১৯ মার্চের টিকিটের খোঁজে এসেছি, অতিরিক্ত দামও দিতে চেয়েছি তাতেও লাভ হয়নি। এখন খালি হাতে চলে যেতে হচ্ছে।

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর বলেন, ঈদযাত্রার ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত কোনো টিকিট নেই। এসি বাসে শেষের দিকে হয়তো দু-একটি টিকিট থাকতে পারে। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে আগের মতো ভিড় হয় না।

তেল সংকটে টিকিটের দাম বৃদ্ধি করা হবে এমন কেনো নির্দেশনা মালিক পক্ষ দিয়েছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, না, এমন কোনো নির্দেশনা নাই। এ ছাড়া ঈদের আগে ভাড়া বৃদ্ধি করা হবে না বলে আমি মনে করছি। আর যদি হয়ও আগে যারা টিকিট কেটেছে তাদের ওপর প্রভাব পড়বে না।


বিজ্ঞাপন


B

সোহাগ পরিবহনের এক কাউন্টার মাস্টার বলেন, আগে এ সময় আমরা দম ফেলার সময় পেতাম না। এখন অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে তেমন ভিড় থাকে না। তবে বাস কাউন্টারগুলো জমজমাট হবে আগামী ১৬ মার্চ থেকে।

কল্যাণপুরের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার আকাশ সিকদার বলেন, এই সময়ে অনেক যাত্রী অনলাইনে টিকিট কেনেন। ফলে কাউন্টারে তেমন ভিড় হয় না। আগামী ১৬ মার্চ থেকে বাসস্ট্যান্ডে ভিড় বাড়বে। ওই সময়টাই যাত্রীদের ভিড় সামলানোই বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিলেও বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই উল্লেখ করে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, কোনো অবস্থাতেই ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না। জ্বালানি তেলের সংকট হতে পারে- এই আশঙ্কায় ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

বাস কাউন্টারের তথ্য মতে, ঢাকা-নওগাঁ নন-এসি বাসের ভাড়া ৬৯০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৭০০ থেকে ২০০০ টাকা। ঢাকা-গাইবান্ধা নন-এসি বাসের ভাড়া ৭৫০ টাকা আর এসি বাসের ভাড়া ১৮০০ থেকে ২০০০ টাকা। ঢাকা-রংপুর নন-এসি বাসের ভাড়া ৮৭০ টাকা আর এসি বাসের ভাড়া ২০০০ থেকে ২৫০০ টাকা। ঢাকা-দিনাজপুর নন-এসি বাসের ভাড়া ৯২০ টাকা আর এসি বাসের ভাড়া ২৫০০ টাকা। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের নন-এসি বাসের ভাড়া ৮৩০ টাকা আর এসি বাসের ভাড়া ১৬০০ থেকে ২০০০ টাকা। ঢাকা-পঞ্চগড় নন-এসি বাসের ভাড়া ১২০০ টাকা। ঢাকা-নীলফামারী নন-এসি বাসের ভাড়া ১০৫০ টাকা।
ঢাকা-কুড়িগ্রাম নন-এসি বাসের ভাড়া ১০৬০ টাকা।


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর