সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

সাতক্ষীরার নারীদের তৈরি পাটপণ্য রফতানি হচ্ছে ইউরোপে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরার নারীদের তৈরি পাটপণ্য রফতানি হচ্ছে ইউরোপে

ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে সাতক্ষীরার নারীদের তৈরি পাটজাত পণ্য। হাতে তৈরি বিভিন্ন রকম পণ্য বুনে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা। এসব পাটজাত পণ্যের মধ্যে রয়েছে মেন্ডেলা ওয়ালম্যাট, ফ্লোরম্যাট, এ্যালেসব্যাগ, মার্সিব্যাগ, আমরিব্যাগ ও এ্যামনব্যাগ ইত্যাদি।

সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার গৃহবধু ফরিদা পারভীন। পরিবারে স্বামীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী আব্দুর রাজ্জাক ফুটপাতে চা বিক্রেতা করেন। সারাদিন চা বিক্রি করে স্বামীর যা উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। তাই ২০১৬ সালের দিকে এলাকার এক নারীর পরামর্শে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) 'ঋশিল্পী ইন্টারন্যাশনাল' এর অধীনে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি পাটের সুতা দিয়ে বিভিন্ন প্রকার ব্যাগ বুনে প্রতি মাসে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা উপার্জন করেন।

গৃহবধূ ফরিদা পারভীন বলেন, পাটজাত পণ্য তৈরীর সব উপকরণ সরবরাহ করে 'ঋশিল্পী ইন্টারন্যাশনাল'। এরপর প্রতিষ্ঠানটির চাহিদা মাফিক বিভিন্ন ব্যাগ এবং ওয়ালম্যাট বা ফ্লোরম্যাট তৈরি করে দিই। এসব ব্যাগ বুনে ঋশিল্পীতে সরবরাহ দিয়ে সংসারে এখন স্বচ্ছলতা ফিরে এসেছে।

একই এলাকার গৃহবধূ তেরেজা মন্ডল বলেন, একেকটি পাটের ব্যাগ বুনলে ৩০০ থেকে ৩৫০ টাকা মজুরী পাওয়া যায়। তাছাড়া ফ্লোরম্যাট এবং ওয়ালম্যাট তৈরি করলে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত মজুরী পাওয়া যায়।
 
তেরেজা মন্ডল আরও বলেন, স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে। সংসার নির্বাহ করা মুশকিল হয়ে পড়েছিল। ঋশিল্পীতে প্রশিক্ষণ নিয়ে পাটের পণ্য তৈরী করে স্বামীর চিকিৎসার পাশাপাশি সংসারও চালাচ্ছি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে চার সদস্যের চলছে একমাত্র হস্তশিল্পের কাজ করে।

তেরেজা ও ফরিদার মত অন্তত সাতক্ষীরাতে ৭ হাজারের অধিক নারী পাটজাত পণ্য তৈরি করে আর্থিক ভাবে স্বচ্ছল হচ্ছে।

জানা গেছে, সাতক্ষীরায় ঋশিল্পীর তত্ত্বাবধায়নে হাতে বুনন পাটজাত পণ্য রফতানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। বছরে ৯ থেকে ১০ কোটি টাকার পাটজাত পণ্য রফতানি হচ্ছে ইতালি, অষ্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেন, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে। এসব পাটজাত পণ্যের মধ্যে রয়েছে মেন্ডেলা ওয়ালম্যাট, ফ্লোরম্যাট, এ্যালেসব্যাগ, মার্সিব্যাগ, আমরিব্যাগ ও এ্যামনব্যাগ ইত্যাদি।

অন্যদিকে, জেলার কয়েক হাজার নারী আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছে পাট সুতার ব্যাগ, ফ্লোরম্যাট এবং ওয়ালম্যাটসহ বিভিন্ন রকম রফতানিজাত পাটজাতীয় পণ্য উৎপাদন করে। এসব নারীরা সংসারের সামলানোর পাশাপাশি হস্তশিল্পের কাজ করে মাসে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছেন।  

সাতক্ষীরার সদর উপজেলার বিনেরপোতায় রফতানিকারক প্রতিষ্ঠান ‘ঋশিল্পী ইন্টারন্যাশনা’ এর সুলতানপুর অফিসের প্রডাক্ট ম্যানেজার সঞ্জয় সরকার জানান, সাতক্ষীরার প্রায় সাড়ে ৭ হাজার অস্বচ্ছল নারীকে হ্যান্ডিক্রাপ্ট বা হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের কাছ থেকে মূলত পাটজাত পণ্য তৈরি করে নিয়ে তা বিদেশে রফতানি করে থাকে তার প্রতিষ্ঠানটি। পাটের দড়ি বা সুতায় বুনা এসব পণ্য ইউরোপের দেশগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। এরমধ্যে মেন্ডেলা ওয়ালম্যাট, ফ্লোরম্যাট, এ্যালেসব্যাগ, মার্সিব্যাগ, আমরিব্যাগ ও এ্যামনব্যাগ উল্লেখযোগ্য।

তিনি বলেন, প্রতি বছরে গড়ে ৯ থেকে ১০ কোটি টাকার পাট জাতীয় ব্যাগ এবং ওয়ালম্যাট সাতক্ষীরার ঋশিল্পী রফতানি করে থাকে। চাহিদা আরো বেশি রয়েছে। তবে করোনার সময়ে চাহিদা কিছুটা কমে গেলেও বর্তমানে রফতানি বেড়েছে।

তিনি আরও বলেন, এসব পণ্য তৈরী করে একেকজন মজুরী হিসেবে প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছেন। এসব নারীদের কাছে পাটের সুতা বা দড়ি এবং রংসহ অন্যান্য উপকরণ সরবরাহ করে রপ্তানি চাহিদা মাফিক পাটজাত পণ্য তৈরী করে নেয়া হয়।
 
সাতক্ষীরা জেলা মুখ্য পাট পরিদর্শক আশিষ কুমার জানান, দেশের অভ্যন্তরে এখন পাটজাত পণ্য ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। কারন, এটি পরিবেশ সম্মত। সাতক্ষীরায় উৎপাদিত পাটজাত পণ্য ইউরোপের বিভিন্ন দেশে 'ঋশিল্পী ইন্টারন্যাশনাল' রফতানি করছে। সরকার পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার পর থেকে পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহার বাড়ছে।   

gf

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা জেলার চিংড়ি, আম, মধুসহ আরো অন্যান্য কৃষি পণ্য বিদেশে রফতানি হচ্ছে। এছাড়াও এ জেলার নারীদের হাতে তৈরী পাটজাত পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এটি যেমন সাতক্ষীরার জন্য সুনাম বয়ে আনবে, তেমনি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর