বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক

বাংলাদেশের রাজনীতি ও ক্রীড়াঙ্গনের মিলনস্থলে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন। এর আগে কোনো সাবেক ক্রীড়াবিদকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় দেখা যায়নি।

আমিনুল হকের এই নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন। সেখানে জামায়াত সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেনের কাছে পরাজিত হন। কিন্তু তার ক্রীড়া ক্যারিয়ারের অবদান, দলীয় নিষ্ঠা এবং রাজনৈতিক সক্রিয়তা বিবেচনায় সরকার তাকে এই সম্মানজনক দায়িত্ব দিয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের বাইরে থেকে সর্বোচ্চ ১০ শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিধান রয়েছে, এবং এই কোটায় মোট তিনজনের মধ্যে আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন।


বিজ্ঞাপন


নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ফুটবল মাঠে নাম লিখিয়ে আমিনুল হক দ্রুতই নিজের জায়গা করে নেন। দেশের শীর্ষ ক্লাবগুলোতে দীর্ঘদিন খেলেছেন এবং গোলরক্ষক হিসেবে ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের একজন ছিলেন। জাতীয় দলে এক নম্বর গোলরক্ষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। বিশেষ করে পেনাল্টি রুখে দেওয়ার অসাধারণ দক্ষতার জন্য তিনি সবসময় প্রশংসিত ছিলেন। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ২০১০ সালের সাউথ এশিয়ান গেমসে তিনি দলের অধিনায়কত্ব করেন।

খেলোয়াড়ি জীবন শেষ করে আমিনুল হক রাজনীতির মাঠে নামেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে। দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকায় একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচিত।

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সাবেক খেলোয়াড়দের রাজনীতিতে আসার নজির নতুন নয়। স্বাধীনতার পর প্রথম মেজর হাফিজ উদ্দিন মন্ত্রী হন। পরে আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হন। সাদেক হোসেন খোকা, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার মতো তারকারা সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছেন ক্রীড়া-সংশ্লিষ্ট পরিচয়ে। কিন্তু টেকনোক্র্যাট কোটায় কোনো ক্রীড়াবিদের এমন নিয়োগ এটাই প্রথম।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর