ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদ ও মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। এ ছাড়া ৪৯ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে এ মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী রাখা হয়নি।
আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রীরা শপথ নেন।
এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন।
পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় দুইজন উপমন্ত্রী নিয়োগ পান। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে কোনো উপমন্ত্রী রাখা হয়নি।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারে পুনরায় একজন উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করলেও উপমন্ত্রী পদে কাউকে রাখা হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও সেই ধারাবাহিকতাই বজায় থাকল।
এআর





















































