রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

 মা—আমার জীবনের প্রথম দর্শক এবং চিরন্তন অনুপ্রেরণা

খোরশেদা কাকলী
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

 মা: আমার জীবনের প্রথম দর্শক এবং চিরন্তন অনুপ্রেরণা
খোরশেদা কাকলী

মা— ছোট্ট একটি শব্দ, অথচ এর ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, নিরাপত্তা আর নিঃস্বার্থ ত্যাগের মহিমা। সন্তানের হাসির জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া মানুষটিই হলেন মা। একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, অসুস্থতায় ছায়ার মতো পাশে থাকেন এবং নিজের সব কষ্ট আড়ালে রাখেন। সন্তানের হাসিমুখ দেখলে তাঁর সব কষ্ট সুখে পরিণত হয়। মা হওয়ার এই আনন্দ পৃথিবীর অন্য সব অনুভূতির চেয়ে আলাদা; যা একজন মা ছাড়া আর কেউ অনুভব করতে পারে না।  মা ও সন্তানের এই অকৃত্রিম ভালোবাসা পৃথিবীতে অতুলনীয়।

আমি আজ অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, আমার জীবনের যাবতীয় অর্জনের সবটুকু কৃতিত্ব আমার মায়ের। আমার মা পাশে ছিলেন বলেই আজ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।


বিজ্ঞাপন


ছোটবেলা থেকেই আমি খুব শখ করে সংবাদপত্রের খবরগুলো উপস্থাপিকার মতো করে পড়তাম। আর আমার মা ছিলেন আমার একমাত্র মুগ্ধ দর্শক। তিনি সবসময় আমাকে সাহস দিয়ে বলতেন, “তুমি পারবে।” হ্যাঁ, আজ আমি পেরেছি— কেবল আমার মায়ের অনুপ্রেরণায়।

আজ আমি একজন সফল সংবাদ উপস্থাপিকা এবং দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেলে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছি।

আমার মা তাঁর চার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আমাদের জীবনকে সুন্দর করতে তিনি যে কত শত ত্যাগ স্বীকার করেছেন, তা আমরা খুব কাছ থেকে দেখেছি। আজ ‘মা দিবস’-এ স্কুল থেকে ফেরার সময় আমার মেয়ে আমার জন্য একটি উপহার নিয়ে এসেছে। তার এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আমি এতটাই আবেগাপ্লুত হয়েছি যে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

মা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় মাকে বলা হয় না— ‘মা, তোমাকে অনেক ভালোবাসি।’ এই দিনটি যেন মায়ের প্রতি আমাদের সেই অব্যক্ত অনুভূতি প্রকাশের উপলক্ষ হয়ে ওঠে। পৃথিবীর সকল মা সবসময় ভালো থাকুক। আমাদের জীবনের প্রতিটি দিনই যেন মা দিবস হয়।


বিজ্ঞাপন


পৃথিবীর সকল সন্তানের কাছে আজ আমার একটিই চাওয়া— মায়েদের এই নিঃস্বার্থ ত্যাগ আমরা যেন সারাজীবন মনে রাখি এবং তাঁদের যথাযথ সম্মান ও ভালোবাসা দিই।

সবাইকে মা দিবসের শুভেচ্ছা।

লেখক: সংবাদ উপস্থাপিকা

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর