আজ বিশ্ব মা দিবস। যদিও আমার কাছে মনে হয়, মায়ের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই; বছরের প্রতিটি দিনই আসলে মা দিবস। তবুও এই বিশেষ দিনে নিজের মাকে খুব বেশি মনে পড়ছে। দীর্ঘ ১৭ বছর আমি আইন পেশার সঙ্গে জড়িত। আজ আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। মা আজ পৃথিবীতে নেই, কিন্তু তাঁর শেখানো আদর্শ আর সাহস প্রতিটি মুহূর্তে আমার পথচলার শক্তি।
একজন নারী আইনজীবী এবং একইসঙ্গে একজন কন্যার মা হিসেবে আমাদের দায়িত্বটা একটু ভিন্ন ও চ্যালেঞ্জিং। কর্মজীবী মায়েদের প্রতিনিয়ত এক অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়। সকালে সন্তানের স্কুল ড্রপ করা, টিফিন তৈরি থেকে শুরু করে তার পড়াশোনা ও স্বাস্থ্যের প্রতিটি খুঁটিনাটি নিজেই দেখাশোনা করি। একজন মা হিসেবে আমি চাই না আমার সন্তানের জীবনে কোনো অপূর্ণতা থাকুক। নিজের কর্মস্থল আর সংসার-দুই দিকই একজন মা সমানতালে সামলান শুধু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে।
বিজ্ঞাপন
আইনজীবী মা হওয়ার একটি সুন্দর দিক হলো, সন্তান ছোটবেলা থেকেই একটি সচেতন পরিবেশ পায়। আইন সম্পর্কিত তথ্য আর সচেতনতা তারা পরিবার থেকেই শিখতে শুরু করে, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।
তবে বর্তমান সময়ে পারিবারিক বিচ্ছেদের কারণে অনেক মাকে তাঁর সন্তান থেকে দূরে থাকতে হয়, যা অত্যন্ত বেদনার। আমাদের মুসলিম পারিবারিক আইনে এবং ধর্মীয় দৃষ্টিকোণে মা যে অপরিসীম সম্মানের অধিকারী, তা আমাদের ভুলে গেলে চলবে না। মা ছাড়া সন্তানের জীবন অন্ধকার।
মা হওয়ার আনন্দটা পৃথিবীর অন্য সব আনন্দের চেয়ে আলাদা। এই অনুভূতির ভাগ মা আর সন্তান ছাড়া অন্য কেউ নিতে পারে না। তাই প্রতিটি মা এবং বাবার কাছে আমার অনুরোধ-আপনার কন্যা বা পুত্র সন্তানকে নিজ নিজ দায়িত্ববোধ শিখিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন।
একজন মা কোনো প্রতিদানের আশা ছাড়াই তার সন্তানকে লালন-পালন করেন। সন্তান আর মায়ের এই ভালোবাসা অতুলনীয়। পৃথিবীর সকল সন্তান তাদের মায়ের সাথে পরম সুখে থাকুক।
বিজ্ঞাপন
পৃথিবীর সকল মা ভালো থাকুক। সবাইকে শুভ মা দিবস।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।



























