“যেখানেতে দেখি যাহা, মা’র মত আহা/ একটি কথায় এত সুধা মেশা নাই।”— মা কে নিয়ে সুন্দর এই কথাগুলো লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। মা— ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা আকাশের চেয়েও বিশাল। পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই আছে, যা একজন মা তার সন্তানের জন্য বয়ে বেড়ান। সন্তানের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য তিনি নিজের সব ক্লান্তি, কষ্ট আর না বলা ব্যথা নীরবে লুকিয়ে রাখেন।
জন্মের পর প্রথম স্পর্শ, প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসা— সবকিছুর শুরু হয় মাকে ঘিরেই। পৃথিবী যত কঠিনই হোক, মায়ের আঁচল সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ ঠিকানা।
বিজ্ঞাপন

আমার জীবনে মা শুধু একজন মানুষ নন, তিনি আমার সাহস, শান্তি আর ভালোবাসার অন্য নাম। তিন কন্যা সন্তানের পর আমার আগমন হয়েছিল মায়ের অনেক আশা আর অপেক্ষার পর। তাই হয়তো মায়ের আদর, মমতা আর স্নেহে আমি একটু বেশিই জড়িয়ে আছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত মায়ের ভালোবাসার উষ্ণতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সন্তান মনে হয়।
মায়ের প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি আশীর্বাদ নিঃশব্দে আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আমরা বড় হয়ে যাই, ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু মা ঠিক আগের মতোই থেকে যান— সন্তানের সুখেই যার সমস্ত আনন্দ।

বিজ্ঞাপন
মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা। আর আমার মা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ। তোমার মতো করে কেউ কখনো ভালোবাসতে পারে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।
লেখক: স্বত্বাধিকারী, সুস্থলাইফ বিডি, এম/এস নয়ন এন্টারপ্রাইজ; সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
এনএম

















