রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

আমার আম্মু: স্নেহের নীড় ও অমলিন স্মৃতি

মাহজাবীন তাসনীম রুহী
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:১১ পিএম

শেয়ার করুন:

আমার আম্মু: স্নেহের নীড় ও অমলিন স্মৃতি

পৃথিবীর সবচেয়ে মধুর শব্দটি হলো ‘মা’। আমার কাছে মা মানে শুধু একজন মানুষ নন, বরং আমার পুরো পৃথিবী। শৈশবের ছোট ছোট স্মৃতি থেকে শুরু করে আজকের পরিণত বয়স পর্যন্ত, আম্মুর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ের মণিকোঠায় অমূল্য রত্নের মতো সাজানো রয়েছে।

আমার শৈশবের একটা বড় অংশ জুড়ে আছে আম্মুর হাতের মাছ ভাজা। ছোটবেলা থেকেই মাছ ভাজা আমার ভীষণ প্রিয়। মনে পড়ে, আম্মু যখন দুপুরের রান্নার জন্য মাছ ভাজতেন, ভাজার সেই ম ম গন্ধে আমি রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করতাম। 


বিজ্ঞাপন


আম্মুর রান্নাঘরের পাশেই ছিল আমার পড়ার ঘর, এ জন্য আমার বেশ সুবিধাই হতো। তরকারিতে দেওয়ার আগেই আমাকে অন্তত এক-দুই টুকরো ভাজা মাছ দিতেই হতো, এটা যেন ছিল একটা অলিখিত নিয়ম। আম্মুও হাসিমুখে সবচেয়ে সুন্দর টুকরোটি আমার পাতে তুলে দিতেন। সেই মুচমুচে মাছ ভাজার স্বাদ আজও আমার জিভে লেগে আছে, যা পৃথিবীর কোনো দামি রেস্তোরাঁর খাবারেও খুঁজে পাওয়া সম্ভব নয়।

mother-3

মা মানেই এক অদ্ভুত নির্ভরতা। আমি আজ বড় হয়ে গেছি, কিন্তু আম্মুর কাছে গেলে আমি সেই ছোট্টটিই রয়ে যাই। বিশেষ করে যখন আম্মু নিজ হাতে লোকমা তুলে মুখে ভাত খাইয়ে দেন, সেই মুহূর্তটা আমার কাছে স্বর্গীয় মনে হয়। নিজে হাতে খাওয়ার চেয়ে আম্মুর হাতে খাওয়ার তৃপ্তিই আলাদা। তাঁর হাতের ছোঁয়ায় সাধারণ ডাল-ভাতও যেন অমৃত হয়ে ওঠে।

আমার মনে পড়ে, একবার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আম্মু রাত জেগে আমার মাথায় জলপট্টি দিয়েছেন। পুরো রাত তিনি চোখের পাতা এক করেননি। সকালে আমার সুস্থতা দেখে তাঁর চোখে যে স্বস্তির জল দেখেছি, তা কোনো ঐশ্বর্য দিয়ে কেনা সম্ভব নয়। মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা, যিনি নিজের কষ্টের কথা ভুলে সন্তানের মঙ্গলে মগ্ন থাকেন।


বিজ্ঞাপন


mother_4

আজকের ব্যস্ত জীবনে চাইলেও হয়তো আগের মতো প্রতিদিন আম্মুর আঁচল ধরে বসে থাকা হয় না। কিন্তু যখনই খুব ক্লান্ত লাগে বা মন খারাপ থাকে, প্রথম কলটা আম্মুকেই দিই। আম্মুর সাহস জোগানো কথাগুলো আমাকে নতুন করে শক্তি দেয়। 

আম্মু হলেন সেই বটবৃক্ষ, যার ছায়ায় আমি নিশ্চিন্তে বেড়ে উঠেছি। তাঁর এই স্নেহ আর ত্যাগের কোনো প্রতিদান হয় না। আমি শুধু চাই, আমার আম্মু যেন সবসময় সুস্থ থাকেন আর আমি যেন এভাবেই সারাজীবন আম্মুর হাতের আদরমাখা ভাত খেতে পারি। আম্মু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমার বেঁচে থাকার অক্সিজেন তুমি।

লেখক: শিক্ষার্থী, এম সি কলেজ সিলেট

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর