সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

নিজের বেতনের ১০ শতাংশ ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

নিজের বেতনের ১০ শতাংশ ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজের মাসিক মূল বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ হিসেবে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন বলে সরকারের প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে প্রকাশিত ই-বুকে প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে।

ই-বুকে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর সরকারি ব্যয় কমানো, অপ্রয়োজনীয় প্রটোকল ও আনুষ্ঠানিকতা কমানো এবং রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে সরকারি অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বন্ধের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে। সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানোর সংস্কৃতি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

PM22

সরকারি ই-বুকের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন তিনি। ছয় মাসে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৬৯ হাজার টাকা। একইভাবে এক বছরে এভাবে কোষাগারে জমা হবে ১ লাখ ৩৮ হাজার টাকা।

ই-বুকে বলা হয়েছে, সরকারি ব্যয় কমাতে ভোজ ও আপ্যায়ন, বিদেশ সফরে প্রতিনিধিদলের আকার এবং বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কাটছাঁট করা হয়েছে। দেশীয় পণ্য ব্যবহারে অগ্রাধিকার, প্রশাসনে অপচয় রোধ এবং প্রটোকল সরলীকরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দলীয় সংসদ সদস্যদের বাড়ি ও গাড়ির সুবিধা গ্রহণে নিষেধাজ্ঞা, প্রধানমন্ত্রীর চলাচলে ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়িবহরে অতিরিক্ত প্রটোকল না রাখার বিষয়গুলোও সরকারের নতুন চর্চা হিসেবে তুলে ধরা হয়েছে।

সরকারের ভাষ্য, এসব উদ্যোগের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিবন্দনার পরিবর্তে জনস্বার্থ, জবাবদিহি, মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার একটি নতুন ধারা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর