মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে টানা ২৯ দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে ‘বেইলি’ নামের একটি পোষা পুডল কুকুরকে। 

উদ্ধারকর্মীরা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর ধুলায় ঢাকা অবস্থায় বেইলিকে খুঁজে পান। খবর নিউইয়র্ক পোস্টের।

সে তার মালিকের মৃত দাদির লাশের পাশে কুঁকড়ে শুয়ে ছিল। গত ২৪ জুন ভেনেজুয়েলার বন্দরনগরী কাতিয়া লা মারে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ভবনটি ধসে পড়ে এবং বেইলি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

চিকিৎসকদের ধারণা, প্রায় এক মাস খাবার ও পানি ছাড়া আটকে থাকলেও বেইলি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তার চোখে কিছু আলসার দেখা দিলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পশুচিকিৎসক মির্না বলেন, এটি সত্যিই একটি অলৌকিক ঘটনা। এত দিন পরও সে জীবিত রয়েছে, যা অবিশ্বাস্য। চোখে কিছু ক্ষত রয়েছে, তবে দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।

ভূমিকম্পে বেইলির ১১ বছর বয়সি মালিক ভিক্টোরিয়া ইসাবেল রেঙ্গেল তার মা ও দাদিকে হারিয়েছে। পরে উদ্ধার হওয়া বেইলির সঙ্গে তার পুনর্মিলন হয়েছে। বর্তমানে তারা একটি উদ্ধারকেন্দ্রে অবস্থান করছে।

বেইলি একমাত্র প্রাণী নয়, যাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কারাকাসের অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরেকটি কুকুরকে উদ্ধার করছেন। 

উদ্ধারের সময় ধাতব বারের নিচে আটকে থাকা প্রাণীটির কাছে একটি পানির বোতলও এগিয়ে দেওয়া হয়।

এ ছাড়া ‘জিসেল’ নামে আরেকটি কুকুরকে ভূমিকম্পের পাঁচদিন পর জীবিত উদ্ধার করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়ায় ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১৬ হাজার ৭০০ জন।

এক মাস পার হলেও হাজারো মানুষ এখনও গৃহহীন অবস্থায় মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর