শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

একের পর এক আফটারশকে আতঙ্ক, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১০:১১ এএম

শেয়ার করুন:

একের পর এক আফটারশকে আতঙ্ক, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার একটি ভবন। ছবি সংগৃহীত।

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটারশকে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। রাজধানী কারাকাসে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন নেতা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার একই এলাকায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপর অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ।

ভূমিকম্পের পর আতঙ্কে রাজধানী কারাকাসের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ৫৪ বছর বয়সী ব্যাংককর্মী ওদালিস এসকালোনা বলেন, ‘সিঁড়ি ভেঙে যাচ্ছিল, দেয়াল ফেটে যায়। ছাদ থেকে জিনিসপত্র পড়ছিল। পরিস্থিতি ছিল ভয়াবহ।’

Venezuela-11এখন পর্যন্ত নিহতের সংখ্যা নিশ্চিত করা না গেলেও কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো।

বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, কারাকাসের আলতামিরা এলাকায় ২২তলা একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের খুঁজতে সেখানে জড়ো হন অনেক মানুষ। উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকেরা টর্চলাইটের প্রয়োজনের কথা জানান।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি উপকূলীয় শহর মোরনের পশ্চিমে প্রায় ২১ কিলোমিটার দূরে আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্পটি আঘাত করে।

Venezuela-5স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো জনগণকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে কয়েকটি ভবনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পে ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। রাজধানী বোগোতায় সতর্কতামূলকভাবে অনেক ভবন খালি করা হয়েছে। কলম্বিয়ার জাতীয় ভূকম্পন নেটওয়ার্ক জানিয়েছে, দেশজুড়ে ২০০টির বেশি কম্পনের খবর পাওয়া গেছে।

Venezuela-1তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার এবং কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ ভেনেজুয়েলায় ১৯৯৭ সালে উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৭৩ জন নিহত হয়েছিলেন। আর ১৯৬৭ সালে কারাকাসে হওয়া ভূমিকম্পে প্রাণ হারান ২৩৬ জন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর