স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা নিরলসভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা।’
রুবিওর ডেপুটি ক্রিস্টোফার ল্যান্ডাউ জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তার আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ব্যাপক মাত্রার এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।
সব ফেডারেল সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আমাদের নতুন ও চমৎকার বন্ধুদের পাশে থাকব।’
এছাড়া মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা ভেনেজুয়েলান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সহায়তা জোগাড় করছি। ভূমিকম্পগুলো ছিল বিধ্বংসী।’
তিনি আরও লিখেছেন, ভেনেজুয়েলার জনগণের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে ও উদ্ধার কার্যক্রমের সমন্বয় করার জন্য একটি দুর্যোগ সহায়তা দল ও টাস্কফোর্স গঠন করেছে।
ক্রিস্টোফার ল্যান্ডাউ লিখেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের অংশীদারদের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের পরের সংকটময় দিনগুলোয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা ও মানবিক সহায়তা সামগ্রী এবং অন্যান্য সম্পদ পাঠাবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার একই এলাকায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মূল কম্পনটি ছিল ভেনেজুয়েলায় আঘাত হানা নথিভুক্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং গত ১২৫ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এরপর অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ।
এমআর










































