শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় সহায়তার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় সহায়তার প্রস্তাব ইরানের

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় জরুরি ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা প্রদানের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইরান সরকার। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ভেনেজুয়েলা সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেন, ত্রাণ ও উদ্ধার অভিযানে প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে ইরানের বিশেষ উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। 

বাঘাই আরও বলেন, কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাসের মাধ্যমে তেহরান পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পৃথকভাবে ভূমিকম্পের পর পরই ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি ভেনেজুয়েলার রেড ক্রসকে সাহায্যের বার্তা পাঠায়। 

এরআগে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে ইতোমধ্যেই নিহতের সংখ্য বেড়ে ১৬৪ জনের দাঁড়িয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ৯৭১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন। ফলে লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এদিকে উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন এবং অবকাঠামোগত ক্ষতির কারণে উদ্ধার কার্যক্রমে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে সহায়তা করার জন্য জাতিসংঘের বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ভেনিজুয়েলার পথে রয়েছে।

রদ্রিগেজ একটি টেলিভিশন বার্তায় বলেন, আন্তর্জাতিক উদ্ধারকারীরা ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য ইতিমধ্যে আমাদের দেশের পথে রয়েছেন।

তিনি আরও জানান, তিনি বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং ভেনিজুয়েলায় জাতিসংঘের সমন্বয়কারীর সঙ্গে কথা বলেছেন।

এছাড়াও ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে সহায়তা করতে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্সসহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে জাতীয় পর্যায়ে জরুরি ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত চিত্র পেতে আরো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা, মেহের নিউজ

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর