মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

সুরা ফাতিহার বিস্ময়কর ফজিলত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

সুরা ফাতিহার বিস্ময়কর ফজিলত

সুরা ফাতিহাকে বলা হয় পবিত্র কোরআনের সারসংক্ষেপ। সর্বাধিক পরিচিত নাম ‘সুরাতুল ফাতিহা’ হলেও মর্যাদা, বিষয়বস্তু, ভাব, স্থান, প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে এর ৩০টি নাম কোরআন ও হাদিসে সহিহ ও মুরসালসূত্রে বর্ণিত হয়েছে। প্রত্যেক নামের সঙ্গেই সূরাটির সামঞ্জস্য ও যথার্থতা বিদ্যমান। উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবউল মাসানি ইত্যাদি।

সুরা ফাতিহার বৈশিষ্ট্য
১) এই সুরা পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সুরার তুলনীয় কোনো সুরা নেই। (বুখারি, মেশকাত: ২১৪২)


বিজ্ঞাপন


২) সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ তিনটি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নুর, যা ইতোপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। (সহিহ মুসলিম: ৮০৬)


৩) যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করল না, তার সালাত অপূর্ণাঙ্গ। রাসুলুল্লাহ (স.) এ কথাটি তিনবার বললেন। (মেশকাত: ৮২৩)

৪) আবু সায়িদ খুদরী (রা.) বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সুরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। (সহিহ বুখারি: ৫৪০৫)

সুরা ফাতিহার বিশেষ মর্যাদা হলো, আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেজন্যই এর নাম দেওয়া হয়েছে ‘উম্মুল কোরআন’। 


বিজ্ঞাপন


পবিত্র কোরআন মূলত তিনটি বিষয়ে বিন্যস্ত। তাওহিদ, আহকাম ও নসিহত। সুরা ইখলাসে ‘তাওহিদ’ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কুরআনের এক তৃতীয়াংশের মর্যাদা পেয়েছে। কিন্তু সুরা ফাতিহায় তিনটি বিষয় একত্রে থাকার কারণে তা ‘উম্মুল কোরআন’ হওয়ার মহত্তম মর্যাদা লাভ করেছে। (তাফসিরে কুরতুবি: ১৪৮)

সুরা ফাতিহার ফজিলত
সুরা ফাতিহার অনেক ফজিলত। এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি নিন্মরূপ।

১) উবাই ইবনু কাব (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয়, ‘আস-সাবউল মাসানি’ (বারবার পঠিত সাতটি আয়াত), যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে। আর আমার বান্দার জন্য তাই রয়েছে, সে যা চাইবে’। (নাসায়ি: ৩১৯)

২) আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা সুরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে, আর-রহমা-নির রহীম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে, মালিকি ইয়াউমিদ্দীন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে, ইয়্যাকানা’বুদু ওয়া ইয়্যা-কানাসতায়ীন, আল্লাহ বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা। আমার বান্দার জন্য তাই রয়েছে, যা সে চায়। বান্দা যখন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম.. (শেষ পর্যন্ত)। আল্লাহ বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য। আমার বান্দার জন্য তাই রয়েছে, যা সে চায়। (মুসলিম: ৩৯৫)

৩) ইবনে আব্বাস (রা.) বলেন, একদা রাসুলুল্লাহ (স.)-এর কাছে জিবরাঈল (আ.) উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাঈল (আ.) ওপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসুলুল্লাহ (স.)-এর কাছে এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। যা আপনাকে প্রদান করা হয়েছে। তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াত। (মুসলিম: ৮০৬)

সুরা ফাতিহার অনুবাদ
১) بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ‘শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।’

২) الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ ‘যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।’

৩) الرَّحْمـنِ الرَّحِيمِ ‘যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।’

৪) مَـالِكِ يَوْمِ الدِّينِ ‘যিনি বিচার দিনের মালিক।’

৫) إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ ‘আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি।’

৬) اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ ‘আমাদেরকে সরল পথ দেখান।’

৭) صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ ‘সে সমস্ত লোকের পথ, যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন। তাদের পথ নয়, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে সুরা ফাতিহার সুগভীর তাৎপর্য অনুধাবন করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর