রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ডিপ ফ্রিজ কেনার কথা ভাবছেন? জেনে নিন সেরা মডেল ও দামের তালিকা

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

ডিপ ফ্রিজ কেনার কথা ভাবছেন? জেনে নিন সেরা মডেল ও দামের তালিকা
ডিপ ফ্রিজ কেনার কথা ভাবছেন? জেনে নিন সেরা মডেল ও দামের তালিকা (ছবিটি এআই দ্বারা নির্মিত)

ঈদুল আজহা আসলে যে পণ্যগুলো কেনার হিড়িক পড়ে যায় তার মধ্যে ডিপ ফ্রিজ অন্যতম। তার অবশ্য কারণও আছে। কুরবানি পরবর্তী সময়ে মাংস সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তা থাকে সবারই। আর এক্ষেত্রে ডিপ ফ্রিজের বিকল্প কমই আছে। শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় মাংস সতেজ রাখার উৎকৃষ্ট উপায় হচ্ছে ফ্রিজার। তাই ক্রেতার চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন ব্র্যান্ড নানা অফারও দেন। 

ডিপ ফ্রিজ কিনলেই হলো না। এটি কেনার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। ডিপ ফ্রিজ কী? ডিপ ফ্রিজের দাম কত? ডিপ ফ্রিজের সুবিধা কী?— এসব বিষয়ে আগে থেকে জানা থাকলে কষ্টের টাকায় সঠিক পণ্য কেনা সম্ভব হয়। চলুন ডিপ ফ্রিজ সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিই- 


বিজ্ঞাপন


freeze-1

ডিপ ফ্রিজ কী? 

ডিপ ফ্রিজ (Deep Freeze) হলো একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র যা সাধারণ ফ্রিজের চেয়ে অনেক কম তাপমাত্রায় (সাধারণত -১০ ডিগ্রি থেকে -৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে) খাবার ও অন্যান্য জিনিস সংরক্ষণ করতে পারে। এটি খাবারকে দীর্ঘ সময়ের জন্য জমাটবদ্ধ রেখে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে এবং গুণগত মান ঠিক রাখে। 

ডিপ ফ্রিজের ধরন

সাধারণত দুই ধরনের ডিপ ফ্রিজ বাজারে দেখা যায়। চেস্ট ফ্রিজার আর আপরাইট ফ্রিজার। 

চেস্ট ফ্রিজার

এই ডিপ ফ্রিজগুলো সাধারণত বেশ চওড়া হয় এবং উপরের দিক থেকে খোলা হয়। সাধারণত উচ্চ কর্মদক্ষতাসম্পন্ন এই ইলেক্ট্রনিক পণ্যে সামগ্রী রাখার জায়গা থাকে অনেক বেশি। বড়, ভারী বা অমসৃণ খাদ্য সামগ্রী রাখার জন্য এই ফ্রিজ উপযুক্ত। সার্ভিস প্রদানের দিক থেকেও এগুলো বেশ দীর্ঘস্থায়ী হয়। 

তবে এই ফ্রিজারগুলোর জন্য সাধারণত বেশি জায়গার প্রয়োজন হয়। এছাড়া ফ্রিজারের ভেতরে একদম নিচের অংশে সামগ্রী রাখা বা বের করা নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয়। 

freezer_1

আপরাইট ফ্রিজার

হুবহু রেফ্রিজারেটরের মতো দেখতে এই ফ্রিজারগুলো খোলা হয় সামনের দিক থেকে। চেস্ট ফ্রিজারে খাবার রাখার জন্য যেখানে সাধারণত শুধু ১টি ঝুড়ি থাকে, সেখানে আপরাইট ডিপ ফ্রিজে থাকে একাধিক তাক। ফলে এই ফ্রিজে খাবার সুন্দর করে সাজিয়ে রাখা যায় এবং সহজে বের করা যায়। তাছাড়া লম্বা হওয়ায় ঘরের ভেতরে আপরাইট ফ্রিজার তুলনামূলকভাবে কম জায়গা নেয়। 

তবে ঝামেলা হচ্ছে চেস্ট ফ্রিজারের থেকে এখানে কম খাবার রাখা যায় এবং এগুলোর কর্মদক্ষতা কম হয়ে থাকে।

ডিপ ফ্রিজের ধারণক্ষমতা

ডিপ ফ্রিজগুলো সাধারণত কমপক্ষে ১০০ লিটার থেকে শুরু করে ৭০৮ লিটার পর্যন্ত হতে পারে। এর মধ্যে ছোটগুলো হয়ে থাকে ১৪২ থেকে ২৫৫ লিটারের। এগুলো ছোট পরিবার বা মাঝে মাঝে ব্যবহারের জন্য উপযুক্ত। মাঝারি ডিপ ফ্রিজগুলো হয় ২৮৪ থেকে ৫১০ লিটারের। এগুলো মাঝারি আকারের পরিবার বা যারা প্রায়ই বেশি পরিমাণে কেনাকাটা করেন তাদের জন্য। আর ৫৩৮+ লিটারেরগুলো ব্যবহৃত হয় একদম বড় পরিবার এবং বৃহৎ পরিসরে খাদ্য সংরক্ষণের জন্য। দোকান বা সুপারশপে বড় ফ্রিজারগুলোই ব্যবহার করা হয়। 

চাহিদা মতো ফ্রিজার কেনার পর সেটিকে ঘরের এমন স্থানে স্থাপন করতে হবে, যেখানে যথেষ্ট বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে।

freezer_2

ডিপ ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

ফ্রিজারে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে বিভিন্ন ধরনের খাবারের গুণমান ঠিক রাখতে প্রয়োজনমতো তাপমাত্রা বাড়ানো-কমানো যায়। যেমন আইসক্রিমের টেক্সচার বজায় রাখার জন্য সামান্য উষ্ণ তাপমাত্রার প্রয়োজন হয়। আবার ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করার জন্য মাংসের জন্য দরকার হয় অতিরিক্ত ঠান্ডা পরিবেশের। বর্তমানে অধিকাংশ মডেলগুলোতে অ্যানালগ তাপমাত্রা নিয়ন্ত্রক বা রেগুলেটর দেখা যায়।

ডিপ ফ্রিজের আদর্শ তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার কম হয়ে থাকে। এই তাপমাত্রায় মাংস ৬ মাস বা তার বেশি সময় পর্যন্ত ভালো থাকে। দ্রুত বরফ জমার জন্য প্রথম ২৪ ঘণ্টা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও সেট করা যেতে পারে। এরপর মাইনাস ১৮ তে রাখুন।

তবে বাংলাদেশে সাধারণত যেসব হাউজহোল্ড রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ ব্যবহার করা হয়, সেগুলোর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্টভাবে না লিখে ১ থেকে ৭ বা মিনিমাম থেকে ম্যাক্সিমাম হিসেবে স্কেল দেওয়া থাকে। এক্ষেত্রে কোরবানির সময় ডিপ ফ্রিজে ৪ বা ৫ এ সেট করুন। এতে মাংস সহজে বরফ হবে এবং ৬ মাস পর্যন্ত ভালো থাকবে।

freezer_3

ডিপ ফ্রিজের বরফ গলানোর উপায়

ফ্রিজারে জমে থাকা বরফগুলোর গলে যাওয়ার প্রক্রিয়াকে ডিফ্রস্ট বলা হয়। মডেল ভেদে বিভিন্ন ডিপ ফ্রিজে অটো বা স্বয়ংক্রিয় ডিফ্রস্ট, ফ্রস্ট-ফ্রি বা নন-ফ্রস্ট সিস্টেম থাকে। অটো ডিফ্রস্টে দীর্ঘ সময় ধরে জমে ওঠা বরফগুলো স্বয়ংক্রিয়ভাবেই গলে যেয়ে বরফ গলা পানি সিঙ্কহোল দিয়ে অপসারিত হয়।

ম্যানুয়াল ডিফ্রস্ট ফ্রিজার হলে প্রথমে ফ্রিজ বন্ধ করে খাবারের সঙ্গে জমা বরফগুলো গলতে দিতে হয়। বরফ গলে গেলে খাবারগুলো বের করে পুরো ফ্রিজারের মেঝে ও দেয়ালে জমে থাকা বরফগুলো অপসারণ করতে হয়। তবে এটি বেশ সময়-সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার।

freezer_4

ডিপ ফ্রিজের দাম কত? 

ব্র্যান্ড ও ধারণক্ষমতাভেদে ডিপ ফ্রিজের দাম শুরু হয় ১৫,০০০ টাকা থেকে। যা ৬০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কুরবানির ঈদের আগে দাম কিছুটা ওঠানামা করে। আবার এসময় ব্র্যান্ডগুলো নানা অফারও দিয়ে থাকে। ২০২৬ সালের বাজার অনুযায়ী কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ডিপ ফ্রিজের মূল্য তালিকা হলো- 

Walton (WCF-1D5-GDEL-LX) ১৪৫ লিটার ২২, ৫০০ টাকা 
Walton (WCF-2T5) ২০৫ লিটার ৩২, ৩৯০ টাকা 
Vision (Glass Door Chest Freezer) ১৫০ লিটার ২৫,৭০০ টাকা
Vision (Glass Door Chest Freezer) ২৫০ লিটার ৩৪,১০০ টাকা
Haier (HCF-230SGE) ২০০ লিটার ৩৫,০০০ টাকা
(তবে বাজার ও অফার ভেদে দাম কম-বেশি হতে পারে)

ডিপ ফ্রিজ বিলাসিতা নয় বরং প্রয়োজনীয় একটি পণ্য। বিশেষ করে কুরবানির সময় যার প্রয়োজনীয়তা বোঝা যায় সবচেয়ে বেশি। বাজেট ও প্রয়োজন অনুযায়ী কিনে ফেলুন নিজের পছন্দের ফ্রিজার বা ডিপ ফ্রিজটি। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর