সুস্থ থাকতে প্রতিদিন সকাল-বিকাল হাঁটাহাঁটির অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। তবে এই হাঁটাহাঁটি নিয়ে এবার চিকিৎসাবিজ্ঞান ও ফিটনেস বিশেষজ্ঞরা নতুন ও মজার একটি পরামর্শ দিয়েছেন। তারা সামনের দিকে হাঁটার পরিবর্তে প্রতিদিন অন্তত কয়েক মিনিট পেছনের দিকে বা উল্টো দিকে হাঁটতে বলছেন। শরীরের পেশি, জয়েন্ট এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এই অভ্যাসটি দারুণ ভূমিকা রাখে। চলুন জেনে নিই উল্টো দিকে হাঁটার উপকারিতা কী কী-
হাঁটু ও কোমরের ব্যথায় দারুণ উপকারী

সাধারণভাবে হাঁটার সময় পায়ের গোড়ালি আগে মাটিতে পড়ে, যা হাঁটুর জয়েন্টে বেশ চাপ সৃষ্টি করে। তবে পেছনের দিকে হাঁটার উল্টো ঘটনা ঘটে। এ সময় পায়ের পাতার সামনের অংশ বা আঙুল আগে মাটি স্পর্শ করে। এতে হাঁটুর ওপর চাপ অনেকটাই কমে যায়।
আরও পড়ুন:
পাশাপাশি উল্টো হাঁটার সময় হ্যামস্ট্রিং বা উরুর পেছনের পেশি প্রসারিত হয়, যা কোমর ও পিঠের নিচের অংশের দীর্ঘস্থায়ী ব্যথা দূর করতে ভূমিকা রাখে।
দ্রুত ওজন কমায় ও পেশি শক্তিশালী করে

সাধারণ হাঁটার তুলনায় পেছনের দিকে হাঁটলে শরীর থেকে প্রায় ৪০ শতাংশ বেশি ক্যালোরি খরচ হয় বলে জানিয়েছে আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিন। পেছনে হাঁটার সময় কোয়াড্রিসেপস বা উরুর সামনের পেশি, নিতম্ব ও গোড়ালির এমন কিছু পেশি সক্রিয় হয়, যা সাধারণ হাঁটায় সময় তেমন ব্যবহৃত হয় না। এতে ভারসাম্য রক্ষা করার ক্ষমতা বাড়ে শরীরের।
মস্তিষ্কের ব্যায়াম ও স্মৃতিশক্তি বৃদ্ধি
সামনের দিকে হাঁটা মূলত আমাদের দৈনন্দিন অভ্যাস। তাই এ নিয়ে মস্তিষ্ককে খুব একটা ভাবতে হয় না। তবে যখনই আমরা উল্টো দিকে হাঁটা শুরু করি তখন মস্তিষ্ক চারপাশের পরিবেশ ও ভারসাম্য নিয়ে অত্যন্ত সচেতন হয়ে পড়ে। ফলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে স্মৃতিশক্তি, মনোযোগ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়।
সতর্কতা

রাস্তাঘাটে উল্টো করে হাঁটার কথা মাথায় আনবেন না। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে খোলা মাঠ, পার্কের সমতল পথ কিংবা জিমের ধীরগতির ট্রেডমিলের হ্যান্ডেল ধরে হাঁটার অভ্যাস করুন।
শুরুতেই দীর্ঘক্ষণ হাঁটার চেষ্টা করবেন না। দিনে মাত্র ২ থেকে ৩ মিনিট করে শুরু করুন। এর পর অভ্যস্ত হয়ে গেল সময় বাড়াতে পারেন।
তথ্যসূত্র: বিবিসি
এএ




