Dhaka Mail Logo

জাতীয়

সংসদে ডিলার নিয়োগ নিয়ে হট্টগোল, নাশকতা ঠেকাতে ঐক্যের ডাক

মো. মেহেদী হাসান হাসিব

১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

  • সারের ডিলার নিয়োগে মন্ত্রীর ‘উৎসব’ মন্তব্যে হট্টগোল
  • সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগ
  • গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
  • নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান, বিরোধীদের স্বাগত
  • অধ্যাদেশ জারি নিয়ে সংসদকে পাশ কাটানোর অভিযোগ

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে আওয়ামী লীগের নাশকতা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারের ডিলার নিয়োগ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল হয়। অন্যদিকে নাশকতা প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।

সারের ডিলার নিয়োগ নিয়ে মন্ত্রীর ‘উৎসব’ মন্তব্যে হট্টগোল

কৃষিমন্ত্রীর কাছে হাসনাত আবদুল্লাহ জানতে চান, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে কি না এবং সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিরা ডিলারশিপ পেয়েছেন কি না। আগের আওয়ামী লীগ সরকারের আমলে সারের ডিলার নিয়োগের যে নিয়ম করা হয়েছিল, তাতে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পান, মন্ত্রণালয় সেই ব্যবস্থা করেছিল কি না, সেটিও জানতে চান তিনি। পাশাপাশি বর্তমান ডিলার নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, সেই প্রশ্নও তোলেন।

হাসনাত বলেন, আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে। আমার ভাগ্না ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, উনি (হাসনাত) বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক, উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন।

মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সদস্যরা সাইড টক করলে তাঁর কথা বলতে অসুবিধা হয়। তিনি চান, কেউ যেন সাইড টক না করেন।

কৃষিমন্ত্রী বলেন, আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করব। আরেকটা জবাব দিমু। অসুবিধা নাই।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বিরোধী দলের সদস্যরা আবারও দাঁড়িয়ে হইচই শুরু করেন। তাঁদের বসার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আপনারা সকলেই বসেন। সবাই বসেন প্লিজ। সরকারদলীয় একাধিক সদস্যকেও বিরোধী দলের সদস্যদের বসার অনুরোধ করতে দেখা যায়।

তবে বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চাইতে থাকেন। একপর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্য অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা ডিও দিয়েছেন। এ তথ্য সঠিক নয়। এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন কিংবা লিখিত দিতে পারেন। প্রমাণ না থাকলে অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি।

সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগ

এরপর ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাঁদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তাঁদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।

বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তাঁর দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংস্থার সঙ্গে গোপন বৈঠক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন। একজন মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন, সরকারও তেমন নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে—আই রিপিট, প্রয়োজনে—সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তের ওপার থেকে সুসুড়ি দেওয়া হচ্ছে—এ কথার সঙ্গে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে, এমন কথাও রয়েছে। এই উসকানির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না, দলটি কোনটি, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট করার দাবি জানান তিনি।

সরকার জামায়াতকে ইঙ্গিত করে থাকলে স্পষ্টভাবে জানাতে চান, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস তাঁদের নেই। তিনি বলেন, আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটি রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তাঁদের বিরুদ্ধে যারা এ ধরনের অভিযোগ করছেন, তাঁদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস রয়েছে। অতীতে একটি গোয়েন্দা সংস্থার দেশে গিয়ে সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ এবং দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।

নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্য চায় সরকার, বিরোধী দলের স্বাগত

জাতীয় সংসদের ভেতরে ও বাইরে থাকা সব রাজনৈতিক দল এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তার সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল। সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে। কখনো ধর্মের নামে, কখনো হরতালের নামে, আবার কখনো ভিন্ন ভিন্ন নামে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে। তবে তাদের উদ্দেশ্য একটাই—বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এ ধরনের অপচেষ্টা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে রুখে দিতে জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখে দেওয়া, তাদের ষড়যন্ত্র প্রতিহত করা এবং এ দেশে তাদের পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ জন্য সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরে ও বাইরে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এ দেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে তিনি স্বাগত জানান।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি শেষের দিকে এসে একটি আবেদন জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। তাঁর এই অনুভূতির জন্য ধন্যবাদ।

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিলেন। সে কারণে ঐক্যবদ্ধ বাংলাদেশ পাওয়া গেছে। নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন—জাতি সেটাই প্রত্যাশা করে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

আইন প্রণয়নে সংসদকে পাশ কাটানোর অভিযোগ বিরোধী দলের

সংসদ কার্যকর থাকা সত্ত্বেও পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারির মাধ্যমে আইন প্রণয়নে সংসদকে পাশ কাটানোর অভিযোগ তুলেছে বিরোধী দল। সংসদকে আইন প্রণয়নের দায়িত্ব পালনের সুযোগ না দেওয়ার কারণ জানতে চান পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান অনুযায়ী দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশ জারির সুযোগ রয়েছে। তবে পরবর্তী সময়ে সংসদে আলোচনা ও জবাবদিহির প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে।

মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, গত ১৯ অক্টোবর পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। অথচ তখন দেশে কার্যকর সংসদ ছিল। গত অধিবেশন শেষ হয়েছিল ১০ সেপ্টেম্বর, আর নতুন অধিবেশন শুরু হয়েছে ৯ নভেম্বর। মাঝের এই সময়ে অধ্যাদেশটি জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে বিশেষ পরিস্থিতি সন্তোষজনকভাবে প্রতীয়মান হওয়ায় এটি জারি করা হয়েছে।

তিনি বলেন, আইনের ভাষায় বিষয়টি ঠিক থাকতে পারে। কিন্তু আইন প্রণয়নের প্রাথমিক ও মূল দায়িত্ব সংসদের। সংসদকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির মতো বিশেষ পরিস্থিতি কী ছিল, সেই প্রশ্ন উঠছে।

তিনি আরও বলেন, বিষয়টি জরুরি মনে করলে সরকার বিশেষ অধিবেশন ডেকে সংসদের মাধ্যমে আইনটি প্রণয়ন করতে পারত। বিরোধীদলীয় নেতা আগেও বলেছেন, আইন প্রণয়ন শুধু সংসদের অধিকার নয়, এটি সংসদের দায়িত্বও। সেই দায়িত্ব পালনের সুযোগ সংসদকে কেন দেওয়া হলো না, তার জবাবদিহি সরকারের কাছে চান তিনি।

সরকারপক্ষ থেকে বারবার বলা হয়েছে, সংসদকে জবাবদিহিতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে উল্লেখ করে মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, সে কারণেই বিষয়টি সংসদের রেকর্ডে রাখার জন্য এই আপত্তি জানানো হচ্ছে।

এসব প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আইন প্রণয়ন কার্যক্রমেরই একটি অংশ অধ্যাদেশ জারি। জবাবদিহির বিষয়টিও এর বাইরে নয়। অধ্যাদেশটি সংসদে উত্থাপন করা হয়েছে। এটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে যাবে, সেখানে আলোচনা হবে। এরপর আবার সংসদে ফিরে আসবে এবং নির্বাচিত সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনার মাধ্যমে পাস হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংবিধানে অধ্যাদেশ জারির বিধান রয়েছে। দুটি সংসদ অধিবেশনের মধ্যবর্তী সময়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে এলে তা কার্যকর করার জন্য অধ্যাদেশ জারি করা যায়। তবে পরবর্তী সময়ে জবাবদিহির জন্য সংসদে আসতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই অধ্যাদেশটি সংসদে আনা হয়েছে।

এরপর পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর অধিকতর সংশোধনকল্পে আনা বিল—পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এমএইচএইচ/এআর