বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

দেশে মব-খুন-ডাকাতি কমেছে, সংসদে পরিসংখ্যান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

দেশে মব-খুন-ডাকাতি কমেছে, সংসদে পরিসংখ্যান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দেশে মব, খুন, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের তুলনায় কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে দেওয়া বক্তব্যে তিনি ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দাবি, এসব তথ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র স্পষ্ট।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে তাঁদের ওপর জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন ও জুলুমের জন্য অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা না চেয়েই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।

এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুনের একটি ঘটনার উল্লেখ করেন তিনি। তাঁর বর্ণনা অনুযায়ী, সেদিন সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির সময় শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে দুর্বৃত্তরা সেটি লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, বাসের যাত্রীরা জানালার গ্রিল ধরে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে অন্তত নয়জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হন।

এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ওয়ান-ইলেভেনের সময়কার অবৈধ সরকারের আমলে ওই ঘটনার বিবরণ প্রকাশিত হয়েছিল।

সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগ

বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তাঁর দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না। এ প্রসঙ্গে জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন তিনি।

মানবাধিকার মেনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথম ভাষণে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন। সরকারও মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, ‘আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে—আই রিপিট, প্রয়োজনে—সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় তদন্ত শুরু করবে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত হলেও তাঁরা মানবাধিকার লঙ্ঘিত হয়, এমন কোনও কার্যক্রমে জড়াননি। তবে সরকারের এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের আমলে কাউকে গুম, ক্রসফায়ার বা আয়নাঘরে নির্যাতনের শিকার হতে হবে না—এমন ধারণার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই এসব চক্রান্ত নস্যাৎ করার অঙ্গীকার করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজন অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ রয়েছে।

বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই পরিস্থিতিকে পুঁজি করে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসররা শ্রমজীবী মানুষকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা মোকাবিলায় সরকার শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নাশকতা ঠেকাতে আইন, মানবাধিকার ও মানবিকতার প্রতি শ্রদ্ধা রেখেই সরকার শক্ত অবস্থান নিয়েছে। শ্রমিকদের কষ্ট লাঘবেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের আগেই শ্রমিক-মালিকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করে মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোর্ডের কয়েকটি বৈঠকও হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এ উদ্যোগে শ্রমিক ও মালিক উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কাজে ফিরেছেন।

তবে একটি মহল শ্রমিক সংগঠন ও গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে অর্থ বিনিয়োগ করে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ কর্মকাণ্ডে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গণমাধ্যমে সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতারা দাবি করেছেন, উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন; তাঁরা শ্রমিকের নামে নাশকতাকারী। পতিত ফ্যাসিবাদের সুপ্ত শক্তি ও তাদের দোসর কিছু গুপ্ত শক্তির সংশ্লিষ্টতার খবরও এসেছে বলে উল্লেখ করেন তিনি।

সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ওই সংগঠনের নেতারা যেকোনও মূল্যে আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। এ ধরনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।

তবে সংসদীয় রীতিনীতি অনুসরণের কথা উল্লেখ করে কোনও দল বা ব্যক্তির নাম বলতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি সংসদীয় রীতিনীতি ফলো করতে চাই।’ এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, বক্তব্যের বিষয়ে কারও কিছু বলার থাকলে তাঁর বক্তব্য শেষ হওয়ার পর ফ্লোর নিয়ে কথা বলতে পারেন।

সরকার সংসদের পরিবেশ সম্প্রীতিময় রাখতে চায় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন নথি সরকারের কাছে থাকলেও সম্প্রীতির স্বার্থে সেগুলো উল্লেখ করা হচ্ছে না। তবে দেশবাসী জানেন, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট বক্তব্য খুঁজলেই পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

কক্সবাজারে সৈনিক নিহতের ঘটনা

বিরোধীদলীয় নেতা কক্সবাজারে একজন সৈনিকের নিহত হওয়ার ঘটনা তুলে ধরেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি গত কয়েক বছরের মধ্যে মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। ওই অভিযানে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে মাদক কারবারিদের তালিকা করা হয়েছে। তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।

গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর একজন সদস্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক শেষে আবার ভারতে পালিয়ে গেছেন। রঞ্জিত সরকার নামে পরিচিত ওই ব্যক্তি কোন পথ দিয়ে প্রবেশ করেছেন, তা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার এজাহারে ২০ জনের নাম এবং অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের প্রায় সবাই সুনামগঞ্জের বাসিন্দা হওয়ায় সুনামগঞ্জ ও সিলেট জেলা পুলিশ যৌথভাবে তাঁদের গ্রেফতারের উদ্যোগ নিয়েছে। ওই বৈঠকে অংশ নেওয়া সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে যৌথ অভিযান চলছে।

অপরাধের পরিসংখ্যান

বক্তব্যের দ্বিতীয় অংশে স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণ অপরাধমুক্ত থাকুক—এটাই সবার প্রত্যাশা। তবে প্লেটোর আদর্শ রাষ্ট্রের মতো অপরাধমুক্ত রাষ্ট্র বাস্তবে সম্ভব নয়। বিশ্বের কোনও দেশে কোনও সময়ই শূন্য অপরাধ ছিল না।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ২০২৫ সালের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান এবং বর্তমান সরকারের সময়ের তথ্য দেওয়া আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছে। তাই তুলনার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ খুনের ঘটনা কমেছে ২৮৭টি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ। যেকোনও সংসদ সদস্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া তথ্য যাচাই করতে পারবেন। তিনি বলেন, গতকাল একটি পত্রিকার প্রতিবেদনে তুলনামূলক বিবরণ না দেখিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলা হয়েছিল। উন্নতি বা অবনতির চিত্র বুঝতে হলে নির্দিষ্ট সময়ের সঙ্গে তুলনা করতে হবে।

মবের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটেছিল। ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। অর্থাৎ মবের ঘটনা কমেছে ৩৯টি।

তিনি বলেন, ‘এই ১৬টাও আমরা যাতে না হয়, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেব। ধীরে ধীরে দেশে কোনও মব থাকতে পারবে না।’

এ ছাড়া চুরি, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধের বিস্তারিত পরিসংখ্যান পুলিশের ওয়েবসাইটে রয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৫টি কমেছে বলেও জানান তিনি।

সীমান্ত পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের দায়িত্ব গ্রহণের আগের সময়ে পুশইনের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪৮২ জন। অন্যদিকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৭ জন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে পুশইনের চেষ্টা করা হয়েছিল। সরকার ধৈর্য ও কঠোরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। এ কারণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই সময়ে বিএসএফের ১৯৪টি ঘটনায় ১ হাজার ৩৫১ জন বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের শক্ত অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে।

সীমান্তে বাংলাদেশি নিহত কমেছে ১০ জন

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ১২ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ সীমান্তে হত্যাকাণ্ডে বাংলাদেশি নাগরিকের মৃত্যু কমেছে ১০টি।

সীমান্তে আর কোনও বাংলাদেশি যেন হত্যাকাণ্ডের শিকার না হন, সে চেষ্টা সরকারের অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, এসব পরিসংখ্যান সরকারের দৃঢ় অবস্থান এবং সীমান্তে বিজিবির কার্যক্রমের চিত্র তুলে ধরে।

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সংখ্যা বেড়েছে

সীমান্তে অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিজিবি ৮১টি অস্ত্র উদ্ধার করেছিল। ২০২৬ সালের একই সময়ে অস্ত্র উদ্ধারের সংখ্যা বেড়ে ১২৯টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় অস্ত্র উদ্ধার বেড়েছে ৪৮টি।

তিনি বলেন, গোলাবারুদ উদ্ধারের সংখ্যাও বেড়েছে। একইভাবে ডেটোনেটর, ককটেল ও মাইন উদ্ধারের সংখ্যাও বেড়েছে। সীমান্ত এলাকায় এসব বিস্ফোরক উদ্ধারের সংখ্যা গত বছরের তুলনায় ১০৬টি বেশি।

মাদকদ্রব্য উদ্ধারের পরিসংখ্যানও আগের বছরের তুলনায় বেশি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিস্তারিত পরিসংখ্যান তুলে না ধরে তিনি বলেন, এসব তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বিজিবির ওয়েবসাইটে পাওয়া যাবে। তাঁর কাছে এসব তথ্যের মুদ্রিত কপিও রয়েছে।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর