বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে ডা. শফিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে ডা. শফিক
জাতীয় সংসদে ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

গোপনে কোনো বিদেশি এজেন্সির (গোয়েন্দা সংস্থা) সঙ্গে বৈঠক বা যোগাযোগের ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তাই তারা গোয়েন্দা সংস্থার সঙ্গে নয়, রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করে। এ ধরনের অভিযোগ তোলার আগে সংশ্লিষ্টদের নিজেদের অতীত কর্মকাণ্ড আয়নায় দেখার পরামর্শও দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, এ কথার সঙ্গে আমি একমত। তবে এ রকম কথাও রয়েছে যে, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুড়সুড়ির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না, দলটি কোনটি, স্বরাষ্ট্রমন্ত্রী তা স্পষ্ট করুন।’

তিনি বলেন, সরকার যদি জামায়াতকে ইঙ্গিত করে থাকে, তাহলে স্পষ্টভাবে জানাতে চান, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস তাঁদের নেই। ‘আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটি রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, তাঁদের বিরুদ্ধে যারা এ ধরনের অভিযোগ করছেন, তাঁদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস রয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে একটি গোয়েন্দা সংস্থার দেশে গিয়ে সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ এবং দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের আহ্বানের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে তিনি স্বাগত জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’

তিনি বলেন, জাতীয় ঐক্যের বিষয়ে এই আহ্বান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া ঠিক হবে না। কার দুর্বলতায় তারা কতটা আশকারা পাচ্ছে, সেই বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। সংসদে আলোচনা ও বিতর্কের পর কার্যকর পদক্ষেপ দেখতে চান বলেও জানান তিনি।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, মাদক নির্মূল বা নিয়ন্ত্রণের আগে দেশে এর প্রবেশ বন্ধ করা জরুরি। তিনি সংসদের কয়েকজন সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে সরকারি দলের কিছু নেতার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘মাদক আমরা চাই নির্মূল হোক। এই সংসদে পাস হয়েছে নিয়ন্ত্রণ হোক। এই মাদক কারা নিয়ন্ত্রণ করবে? বেড়াই যদি ধান খায়, ধান রক্ষা করবে কে?’

তিনি আরও বলেন, সংসদের একজন জ্যেষ্ঠ সদস্য অভিযোগ করেছেন, আগে মাদকের সিন্ডিকেট ফ্যাসিস্টরা নিয়ন্ত্রণ করতেন, এখন তাঁদের দলের কিছু নেতা তা নিয়ন্ত্রণ করছেন। আরেকজন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে মাদকের বড় চালান যাওয়ার কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশের ওপর সরকারি দলের লোকজন হামলা করেছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর দাবি, দেশে এ ধরনের হামলার ঘটনা আরও ঘটছে।

এ ছাড়া ‘অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা’ একজন জ্যেষ্ঠ সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই সদস্য আক্ষেপ করেছেন যে তাঁর দলের লোকেরা টাকা খেয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। এসব অভিযোগের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দোষারোপের রাজনীতি আপনারা ইঙ্গিত না করলে এর একটা কথাও আমি এখানে দাঁড়িয়ে বলতাম না। ইঙ্গিত করেছেন, তাই বলতে বাধ্য হলাম।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে অতীতের তুলনায় উন্নতির দাবি করা হলেও বাংলাদেশ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘আমার দেখা ৫২ বছরের রাজনীতিতে শুনে আসতেছি, সবসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা উঠলে বলা হয় অতীতের তুলনায় এখন ভালো হচ্ছে। এই ভালো হতে হতে এখনো আমেরিকাও হতে পারলাম না, ইংল্যান্ডও হতে পারলাম না। সেই বাংলাদেশ রয়ে গেলাম।’

তিনি বলেন, বাংলাদেশি থাকতে চান, অন্য কোনো দেশ হতে চান না এবং কারও অধীনতা বা আধিপত্যবাদ মেনে নিতে চান না। তবে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তুলতে চান।

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যাকাণ্ড ২২ থেকে ১২-তে নেমে আসার তথ্য তুলে ধরে বিরোধী দলের প্রশংসা প্রত্যাশা করেছিলেন। এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তিনি একসঙ্গে তিনবার হাততালি দিয়েছেন। তবে ভবিষ্যতে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে এলে সবাই মিলে আরও বেশি প্রশংসা করবেন।

সীমান্তে পুশইন ঠেকানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণও এ কাজে ভূমিকা রেখেছে।’ সীমান্তে জনগণ ও বিজিবির যৌথ উদ্যোগের কথা স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করলে সীমান্তে স্বতঃস্ফূর্তভাবে বাহিনীর পাশে দাঁড়ানো মানুষ আরও উৎসাহিত হতো বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁকে জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সংসদে সরকারি দল ও বিরোধী দল তর্ক-বিতর্ক করবে, তবে তা সংসদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

মাদকের বিষয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর বাড়ি কক্সবাজারে হওয়া অপরাধ নয়। রোহিঙ্গা শরণার্থীরা আসার পর থেকে ওই অঞ্চলে মাদকসংকট তৈরি হয়েছে। সরকার এ সংকট মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, মাদক ও মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সম্প্রতি একজন সেনাসদস্য শহীদ হয়েছেন। ওই অভিযানে ৫৬ জন নিরীহ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যৌথভাবে সীমান্ত এলাকায় কাজ করছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর