সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা কেন সারের ডিলারশিপ পাচ্ছেন, তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সারা দেশে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি জানতে চেয়েছেন, এমপির ছেলে, স্ত্রী ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়ার পেছনে ‘কোনো সুপরিকল্পিত সিদ্ধান্ত’ ছিল কি না। একই সঙ্গে এসব নিয়োগ পুনর্বিবেচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রীর উপর রাখা এক সম্পূরক প্রশ্নে তিনি এই প্রশ্ন তুলেন।
এ সময় তিনি বলেন, ‘আমি কয়েকটা হেডলাইন পড়ি। সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের ২৮ জনই বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছেন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগ্নি। এবং কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারা হয়েছে। এক এমপির সন্তান কর্তৃক সেই সন্তানও সারের ডিলার পেয়েছে।’
তিনি বলেন, ‘এই যে সারা দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব হয়েছে, যেখানে সংরক্ষিত আসনের যারা এমপি, এই অসাংবিধানিক সংরক্ষিত আসনের এমপিরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিউ দিয়েছেন। ১৫টা ইউনিয়নের হয়তো ৩০টায় ডিউ দিয়েছেন।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির মির্জা ফখরুল সাহেব, যিনি বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি, উনি এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু এই জিনিসটাই আজকে বিএনপি সরকার করেছে, যেটার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই। একটা অসাংবিধানিক কাজ।’
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই কাজটা যে হয়েছে এবং ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রীরা ডিলারশিপ পেয়েছে, ভাগনিরা ডিলারশিপ পেয়েছে, ছেলেরা ডিলারশিপ পেয়েছে। আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিল, মন্ত্রণালয় থেকে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পায়, সেটা মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা কি সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার রিভিউ করা হবে কিনা?’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগ্না ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।’
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘প্রথমে উনি (হাসনাত) বলেছেন, সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসবের খারাপ অর্থ যদি চিন্তা করেন, ভিন্ন।’
তিনি বলেন, ‘সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে আমি আশা করব, আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে, একটি জেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ের কমিটি ইউএনওর নেতৃত্বে এবং জেলা পর্যায়ের কমিটি ডিসির নেতৃত্বে গঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনে কিছু নিয়ম ও শর্ত ছিল। সারের ডিলার পেতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী থাকতে হবে, সেসব শর্ত দেওয়া হয়েছিল। ওই অনুযায়ী উপজেলা ও জেলাকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক ১৬ আনা নিয়ম অনুসরণ করে নির্বাচন করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘প্রথমে আবেদন করেছেন ডিসির কাছে। ডিসি সাহেব সেটি ইউএনওর কাছে পাঠিয়েছেন। ইউএনও থেকে শুরু করে উপজেলা কৃষি কর্মকর্তা এবং যে ওয়ার্ড বা ব্লকের জন্য আবেদন করা হয়েছে, সেই ব্লকের কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ একটি কমিটি রয়েছে। ওই কমিটি প্রথমে যাচাই-বাছাই করেছে।’
তিনি আরও বলেন, ‘যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবনা ডিসি অফিসে গেছে। সেখানে জেলা কৃষি কর্মকর্তা, ডিসিসহ আরও অনেককে নিয়ে বড় একটি কমিটি রয়েছে। তারা যাচাই-বাছাই করার পর ইউএনওদের কাছ থেকে আসা প্রস্তাবনাগুলো পর্যালোচনা করেছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘ওই কমিটি ছয় থেকে সাতজনের। সবাই যাচাই-বাছাই করে একমত হওয়ার পর এক নম্বর, দুই নম্বর ও তিন নম্বরে তিনজনের নাম প্রস্তাব করেছে। এই প্রস্তাবনায় ওই কমিটির ডিসি সাহেবসহ কমিটির সব সদস্যের স্বাক্ষর রয়েছে। একজন লোকের স্বাক্ষরে এটি আসেনি। ওইভাবে মন্ত্রণালয়ে পাঠানোর পর আমরা এক নম্বরে যিনি আছেন, তার নামেই ডিক্লারেশন দিয়েছি। এই হলো মন্ত্রণালয়ের কাজ। ওই কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের স্বাক্ষরসহ এই প্রস্তাবনা এসেছে। এটি একজনের স্বাক্ষরে আসেনি।’
এমএইচএইচ/এএম




